সারা বাংলা
মানিকগঞ্জে বিএনপি এমপির সুপারিশে আওয়ামী লীগ নেতার মুক্তির অভিযোগ, অস্বীকার এমপি-ওসির

মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে। তবে সংসদ সদস্য ও ওসি—দুজনই এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিষ সাহা ও প্রচার সম্পাদক মো. মনির হোসেনকে আটক করে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়। পরদিন বেলা তিনটার দিকে আশিষ সাহাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, তাঁকে ছাড়াতে থানায় যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং একই কমিটির সদস্য আব্দুল গফুর। পরে স্থানীয় বিএনপির সংসদ সদস্যের সুপারিশে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সিংগাইর থানায় কর্মরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংসদ সদস্যের সুপারিশেই আশিষ সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার ভাষ্য, ‘একজন এমপি চাইলে তার নিজ এলাকায় অনেক কিছুই করতে পারেন। এমপি মহোদয় ফোন দিয়ে বললে অনেক সময় পুলিশের কিছু করার থাকে না।’
এ ঘটনার তিন দিন পর, ১৪ নভেম্বর আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে দলীয় অনুমতি ছাড়া তাকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়েছিল দাবি করে দলীয় পদ থেকে পদত্যাগ করেন আশিষ সাহা। নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি জানান তিনি।
এ বিষয়ে আশিষ সাহা বলেন, ‘কয়েক দিন আগে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়েছিল। পরদিন বেলা তিনটার দিকে ছেড়ে দিয়েছে। চার-পাঁচ বছর আগে দলীয় কমিটি অনুমোদন করা হয়েছিল। আমি বিষয়টি জানতাম না। কমিটি করার সময় স্থানীয় চেয়ারম্যান আমার নাম দিয়েছিলেন। পরে বিষয়টি জানতে পারি। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই কোনো মন্তব্য করিনি। বর্তমানে দেশের পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে স্বেচ্ছায় দলীয় পদ ছেড়ে দিয়েছি।’
অভিযোগের বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, আশিষ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ১১ নভেম্বর ভোরের দিকে থানায় আনা হয়েছিল। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ওসি আরও বলেন, আশিষ সাহা আওয়ামী লীগের পদধারী নেতা নন। বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন এবং তার তেমন কোনো সম্পৃক্ততাও নেই। তিনি আগেই রাজনীতি ছেড়ে দিয়েছেন, তবে প্রকাশ্যে ঘোষণা দেননি।
নাশকতার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না থাকলে তাকে থানায় আনার কারণ জানতে চাইলে ওসি বলেন, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে যে কাউকে থানায় আনা যেতে পারে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিএনপির সংসদ সদস্য কিংবা দলীয় নেতাদের সুপারিশে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।
এদিকে মানিকগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, গত নির্বাচনে আশিষ সাহার বাড়িতে তার নির্বাচনী ক্যাম্প ছিল। আশিষ সাহা সরাসরি তার নির্বাচনে কাজ করেছেন এবং ওই এলাকার দায়িত্বে ছিলেন।
সংসদ সদস্য বলেন, ‘অনেকেরই আওয়ামী লীগের কমিটিতে নাম ছিল, কিন্তু তারা বিষয়টি জানতেন না। তাঁরা তো কখনো আমাদের ভোট দিতেন না। যে লোকটি আমার নির্বাচন করেছেন, তাঁকে কীভাবে বলব যে তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন? তিনি আওয়ামী লীগের পদধারী কি না, সেটাও আমার জানা নেই।’
তিনি আরও বলেন, ‘আমি ওসি সাহেবকে বলেছি, যারা নির্দোষ, তারা যেন গ্রেপ্তার না হন। তাদের নজরদারিতে রাখতে বলেছি। আশিষ সাহা আওয়ামী লীগের পদধারী কি না, তা আমার জানা নেই।’
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুরের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
ডিবিসি/এসডব্লিউএন