আন্তর্জাতিক
ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানি গোয়েন্দা সংস্থার নির্দেশেই তিনি এই হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা করেছিলেন।
আসিফ মার্চেন্ট নামের ওই পাকিস্তানি নাগরিককে কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। গত মার্চে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেছিল। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিক্কি হ্যালিও তার নিশানায় ছিলেন। তবে যাকে দিয়ে এই খুন করানোর পরিকল্পনা করা হয়েছিল, তিনি আসলে এফবিআইয়ের একজন ছদ্মবেশী এজেন্ট ছিলেন।
আদালতে আসিফ মার্চেন্ট জানান, ২০২০ সালে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার বদলা নিতে তাকে নির্দেশ দিয়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোলাইমানি নিহত হওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকায় তাকেই প্রধান টার্গেট করা হয়েছিল।
নথি অনুযায়ী, ধর্মীয় যাত্রার নাম করে আসিফ মার্চেন্ট ১৫ বার ইরানে যান এবং সেখানে গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন। এরপর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০২৪ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ছদ্মবেশী এজেন্টদের তিনি অগ্রিম ৫ হাজার ডলারও দিয়েছিলেন। পরে ২০২৪ সালের জুলাই মাসে টেক্সাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিচার চলাকালে আসিফ দাবি করেন, তার ইরানি স্বজনদের ক্ষতি করার হুমকি দেওয়ায় তিনি এই কাজ করতে বাধ্য হয়েছিলেন। তবে জুরি মাত্র দুই ঘণ্টারও কম সময়ে আলোচনা করে তাকে দোষী সাব্যস্ত করে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর গুপ্তহত্যার চেষ্টা চালাতে আসা একজন ইরানি এজেন্টকে তার অপরাধের জন্য যথাযথ শাস্তি দেওয়া হয়েছে। আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো বিদেশি সন্ত্রাসী চক্রান্ত বরদাস্ত করবে না বিচার বিভাগ এবং দায়ীদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত আমাদের অভিযান থামবে না।’
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন