স্বাস্থ্য
চট্টগ্রামের বাকলিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

চট্টগ্রামের বাকলিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সেন্টারটির উদ্বোধন করা হয়। বিএসআরএম গ্রুপের সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠিত এ সেন্টারে আগামী ২১ নভেম্বর থেকে রোগীদের সেবা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফসিএ; ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহেরআলী; পরিচালক আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় ৩ হাজার ৯৮৮ বর্গফুট জায়গাজুড়ে স্থাপিত হয়েছে ডায়াগনস্টিক সেন্টারটি। এখানে সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে।
সেন্টারটিতে বিএইচএইচের মেডিকেল অফিসাররা রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধা পাবেন রোগীরা। পুনর্বাসনমূলক চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের জন্য থাকবে ফিজিওথেরাপি সেবাও।
আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাঁদের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করতে বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের মাধ্যমে এ দাতব্য উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে মিরসরাই ও চট্টগ্রামে বিএইচএইচের কার্যক্রম চালু রয়েছে। বাকলিয়ায় নতুন ডায়াগনস্টিক সেন্টার চালুর মাধ্যমে এ সেবার পরিধি আরও সম্প্রসারিত হলো।
বিএসআরএম কর্তৃপক্ষের প্রত্যাশা, এক ছাদের নিচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাব্যয়ের বোঝা কমবে এবং তাঁরা সময়মতো চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণে অন্য প্রতিষ্ঠানগুলোও অনুপ্রাণিত হবে।
ডিবিসি/আরএসএল