আন্তর্জাতিক
আমাজন বন থেকে বেরিয়ে এল আদিবাসীর একটি দল, চাইল খাবার

ব্রাজিলের আমাজন জঙ্গলের এক বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর কয়েকটি দুর্লভ ছবি সামনে আসার পর তাদের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। তারা বলছেন, অবৈধ কাঠপাচারকারী ও শিকারিদের কারণে ব্রাজিলের আওয়া নামের এই বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীটির জীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে।
যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার গোষ্ঠী সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার বেশ কিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, সোমবার উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যে সরকারের একটি দলের সাথে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আওয়া আদিবাসী সাক্ষাৎ করেন এবং তারা খাবার চান। সারভাইভাল ইন্টারন্যাশনাল এই ঘটনাকে একটি ঐতিহাসিক সাক্ষাৎ বলে বর্ণনা করেছে।
ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, আওয়া হচ্ছে উত্তর-পশ্চিম মারানহাওয়ের একটি আদিবাসী জনগোষ্ঠী, যাদের একটি অংশ এখনো স্বেচ্ছায় নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে। আরারিবোইয়া আদিবাসী এলাকার একটি গ্রামের সাথে বিচ্ছিন্ন আওয়াদের যোগাযোগের ভিডিও ও খবরগুলো তারা খতিয়ে দেখছে। তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, সরকারি নীতি অনুযায়ী এই বিচ্ছিন্ন গোষ্ঠীর সাথে কোনো ধরনের যোগাযোগ স্থাপনের চেষ্টা তারা করছে না।
ব্রাজিলের আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার একটি সরকারি চেকপোস্ট এবং গুয়াজাজারা আদিবাসীদের গ্রাম তাওয়ারির কাছে এই সাক্ষাতের ঘটনা ঘটে। ওই গ্রামের সদস্যরাই ঘটনার ভিডিও ধারণ করেন। সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, অবৈধ কাঠুরে ও খামার মালিকদের বিরুদ্ধে প্রচার চালানো আদিবাসী গোষ্ঠী ‘গার্ডিয়ানস অব দ্য আমাজনে’র অনুরোধেই তারা ফুটেজটি প্রকাশ করেছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়া গোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছে। বহিরাগতরা চারপাশ থেকে তাদের এলাকায় ঢুকে পড়ছে এবং ধ্বংসযজ্ঞের মধ্যে ফেলে আমাজনের একটি ছোট অংশে তাদের আটকে ফেলছে।
মারানহাওয়ের আদিবাসী সংগঠন কোয়াপিমা বলছে, অপরিকল্পিতভাবে যোগাযোগ করা হলে এই বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো, বিশেষ করে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকিতে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে অত্যন্ত সাবধানে কাজ করতে হবে।
সাম্প্রতিক দশকগুলোতে আমাজনে অবৈধ খনি শ্রমিক, কাঠুরে ও খামার মালিকদের আগ্রাসনের কারণে বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীগুলো চরম হুমকির মুখে পড়েছে। এসব গোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন অনেক সময় তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। যেমন কলম্বিয়ায় ১৯৮০-এর দশকে বহিরাগতদের সাথে যোগাযোগের পর নানা রোগে আক্রান্ত হয়ে বিচ্ছিন্ন নুকাক জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন