সারা বাংলা
মেট্রোরেলে গান গেয়ে ভাইরাল ২ শিশুর বাবার বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ

রাজধানীর মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুই শিশুর বাবার বিরুদ্ধে প্রতারণা, একাধিক বিয়ে এবং শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগ উঠেছে। ফিরোজ খান রনি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে সহায়তা হিসেবে পাওয়া দুটি অটোরিকশা বিক্রি করে দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় এক সাংবাদিক।
ঝালকাঠির স্থায়ী বাসিন্দা ফিরোজ খান রনি ঢাকায় যাওয়ার আগে বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া থাকতেন। মেট্রোরেলের ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া শিশু দুটির নাম মরিয়ম আক্তার ও নূর। তাদের বয়স আনুমানিক পাঁচ বছর।
শিশু দুটির পরিবারের দুরবস্থা ও বাবার কর্মকাণ্ড সম্পর্কে ২০২৩ সালে প্রথম জানতে পারেন স্থানীয় সাংবাদিক সাব্বির খান। তিনি ডিবিসি নিউজকে বলেন, একই এলাকার বাসিন্দা হওয়ায় এক প্রতিবেশীর মাধ্যমে ফিরোজের অভাবের সংসারের কথা জানতে পারেন তিনি।
সাব্বির খানের ভাষ্য, সে সময় ফিরোজের স্ত্রী মারা যাওয়ার পর শিশুদের বাসায় রেখে তার ভিক্ষা করার বিষয়টি নিউজ করার মধ্য দিয়ে সামনে আসে। পরে তৎকালীন তথ্যমন্ত্রী ও ফরিদপুরের এক ব্যবসায়ীর সহায়তায় তাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেওয়া হয়। একটি তিনি নিজে চালাতেন, অন্যটি ভাড়া দিয়েছিলেন।
তবে কিছুদিন পর ফিরোজের বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে কারাভোগের তথ্য জানতে পারেন বলে দাবি করেন সাব্বির খান। তার দাবি, জামিনে মুক্ত হওয়ার পর বরিশাল লঞ্চঘাট এলাকায় দ্বিতীয় বিয়ে করেন ফিরোজ। সেই সংসারও বেশিদিন টেকেনি। দ্বিতীয় স্ত্রীকে মারধরের পর সহায়তা হিসেবে পাওয়া অটোরিকশা দুটি বিক্রি করে শিশুদের নিয়ে ঢাকায় চলে যান তিনি।
সাব্বির খান অভিযোগ করেন, শিশুদের অসহায়ত্ব তুলে ধরে মানুষের সহানুভূতি আদায় এবং তাদের দিয়ে ভিক্ষা করানোই ফিরোজের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ২০২৩ সালে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশু দুটিকে একটি ডে-কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তবে মাত্র একদিনের মাথায় শিশু দুটিকে ফিরোজ খান নিয়ে চলে আসে।
তিনি আরও জানান, ফিরোজ নিজেও ভালো গান করেন। একসময় রিকশাচালকদের নিয়ে আয়োজিত একটি গানের রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন। শিশু দুটির কণ্ঠও বেশ ভালো।
ডিবিসি/এসডব্লিউএন