ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পিরোজপুরের আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৮ জন গ্রেপ্তার

পিরোজপুরের আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৮ জন গ্রেপ্তার

সারা বাংলা

পিরোজপুরের আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৮ জন গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ঝালকাঠির নলছিটি উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পিরোজপুরের আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রঙ্গলাল হালদারসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে ঝালকাঠি সদর থানাধীন মুতালরী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের ডাকাত সর্দার রঙ্গলাল হালদার (৪২), ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার (৬২), ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম (২০), বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল (৩০), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী (৩৮), ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর (৩৬) ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা (৩৫) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের ছগির আলী (৪২)।

 

এসআরবি-৮ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নলছিটি উপজেলার ডুবিল এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলামের বসতবাড়ির জানালার গ্রিল কেটে ৫/৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং বাধা দেওয়ায় নুরুল ইসলাম ও তার স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র ও শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে ডাকাতরা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার, মোবাইল ফোন, টর্চলাইটসহ আনুমানিক ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে পালিয়ে যায়।

 

পরে উক্ত ঘটনায় ঝালকাঠি জেলার নলছিটি থানায় মামলা রুজু হয়। পরবর্তীতে এসআরবি-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নবগ্রামে ডাকাতিকালে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে এসে ঝালকাঠি জেলায় আশ্রয় গ্রহণ করে। পরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে ঝালকাঠি সদর থানাধীন মুতালরী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি লোহার শাবল, ১টি রামদা, ১টি ছেনি, ১টি ডেগার, ১টি চাপাতি, ১টি অ্যাডজাস্টেবল রেঞ্জ এবং ৫টি টর্চলাইট উদ্ধার করা হয়।

এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন