বাংলাদেশ, বিবিধ
সংবাদমাধ্যমে খবর প্রচারের পর ইবির প্রথম বাসের নিলাম বাতিল, সংরক্ষণের উদ্যোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হওয়া প্রথম বাসটির নিলাম বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদমাধ্যমে বাসটি নিলামে বিক্রির খবর প্রচার এবং শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বেগম খালেদা জিয়ার উপহার দেয়া বাসটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্মৃতি হিসেবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৫ নভেম্বর) পুরোনো তিনটি নন-এসি বাস, বিভিন্ন আকারের টায়ার-টিউব ও লোহালক্কড় বিক্রির জন্য উন্মুক্ত নিলামের আয়োজন করে প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া প্রথম বাসটিও বিক্রির তালিকায় রাখা হয়। বাসটির নিবন্ধন নম্বর কুষ্টিয়া চ-০০১। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্মারক হিসেবে বাসটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
এর আগে ২০২৪ সালেও বাসটি নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হলে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। সে সময় বাসটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভাস্কর্যের আদলে সংরক্ষণের দাবিতে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি উপাচার্য বরাবর জমা দেন তারা। তবে বাসটি সংরক্ষণ করা হলে এর পরিবর্তে নতুন বাস পাওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছিল তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিয়ে সে সময় সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে বাসটি নিলামে বিক্রির খবরে উদ্বেগ প্রকাশ করে বুধবার (১৮ নভেম্বর) বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম নাজমুল রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বাসটির নিলাম বাতিল করে যথাযথ মর্যাদায় ক্যাম্পাসে সংরক্ষণের দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাসটি কেবল একটি সাধারণ যানবাহন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আবেগ, ভালোবাসা এবং অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে। এমন একটি ঐতিহাসিক স্মারক নিলামে বিক্রি করা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
নিলাম বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার দেয়া বাসটির নিলাম বাতিল করা হয়েছে। এটি স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে উপাচার্য মহোদয় নির্দেশনা দিয়েছেন। সেটি খুব দ্রুতই কার্যকর করা হবে।’
উল্লেখ্য, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বেগম খালেদা জিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাসটি উপহার দেন। দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা বাসটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ইতিহাসের অন্যতম স্মারক হিসেবে পরিচিত।
ডিবিসি/এসভিএন