আন্তর্জাতিক
৩০ বছর বয়সে টেস্টটিউবে রেখেছিলেন ডিম্বাণু, ৫৯ বছরে এসে মা হতে যাচ্ছেন ব্রিটিশ টিভি উপস্থাপিকা

৫৯ বছর বয়সে এসে তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ব্রিটিশ টিভি উপস্থাপিকা ও স্বাস্থ্যকর্মী ডা. রেনে হোয়েনডারক্যাম্প। প্রথম সন্তান জন্ম দেয়ার প্রায় ৪০ বছর পর এক লাইভ টিভি অনুষ্ঠানে তিনি জানান, তিনি এখন ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘পিপল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৪ নভেম্বর ‘জিবি নিউজ’-এর একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেন রেনে। সেখানে পিডিংটনে প্রায় ১ হাজার ২০০ পুরুষ আশ্রয়প্রার্থীর আবাসন ব্যবস্থা নিয়ে আলোচনার একপর্যায়ে নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানান তিনি। কথা বলার মাঝেই সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আসলে খুব শিগগিরই তিন সন্তানের মা হতে যাচ্ছি।’
হঠাৎ এমন ঘোষণায় স্টুডিওতে থাকা পুরুষ সহ-উপস্থাপকরা হতবাক হয়ে যান। রেনে তখন বলেন, ‘আপনারা সবাই একদম চুপ হয়ে গেলেন।’ এক সহকর্মী অবাক হয়ে বলেন, ‘আমি বিভ্রান্ত।’ আরেকজন জানতে চান তিনি সত্যি বলছেন কি না। পরে অবশ্য সবাই তাকে অভিনন্দন জানান এবং একজন এটিকে ‘অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেন।
রেনের ৩৭ বছর বয়সী এক ছেলে ও ৮ বছর বয়সী এক মেয়ে রয়েছে। আগামী বছর নতুন কন্যাশিশুটির জন্মের আগেই তার বয়স ৬০ বছর পূর্ণ হবে। রেনে জানান, ত্রিশের কোঠায় থাকাকালীন তিনি তার ডিম্বাণু সংরক্ষণ (ফ্রিজ) করে রেখেছিলেন। পরে আইভিএফ পদ্ধতির মাধ্যমে তৃতীয়বারের চেষ্টায় তিনি গর্ভধারণ করেন।
এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে বয়স নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। অনেকেই তাকে ‘জঘন্য’ ও ‘স্বার্থপর’ বলে মন্তব্য করেছেন। এর জবাবে ১৫ নভেম্বর এক্সে রেনে লেখেন, ‘এখন আমি অনলাইনে ফিরেছি, আমার নতুন মেয়ের খবরে যারা হাজার হাজার অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ! আর বাকিদের বলছি, আপনারা কী ভাবলেন, তাতে আমার কিছু যায় আসে না।’
পরে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে লেখা এক নিবন্ধে রেনে বলেন, এই বয়সে সন্তান নেয়ার সিদ্ধান্তকে স্বার্থপর বলাটা তার জন্য বেদনাদায়ক। তিনি জানান, ২১ বছর বয়সে প্রথম সন্তান জন্ম দেয়ার পর সঙ্গীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় এবং মাত্র ২৮ দিন পর তাকে কাজে ফিরতে হয়েছিল। তখন আয়ার কাছেই ছেলে বড় হয়। তবে চল্লিশের কোঠায় এসে ক্যারিয়ারে থিতু হওয়ার পর ৫০ বছর বয়সে তিনি মেয়ের মা হন।
সন্তান বড় হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রেনে জানান, সেই নিশ্চয়তা কেউই দিতে পারে না। নিবন্ধে তিনি লেখেন, ‘২১ বছর বয়সে আমার তারুণ্য ছিল, কিন্তু মাতৃত্বের দায়িত্ব সম্পর্কে ধারণা ছিল অনেক কম। প্রায় চার দশক পর আমার সামনে হয়তো বছর কম আছে, কিন্তু প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর মতো প্রজ্ঞা, ধৈর্য ও স্বাধীনতা আমার আছে। আমার নতুন মেয়ে এমন এক পরিবারে আসবে যেখানে তাকে সবাই ভীষণভাবে চায় এবং চারপাশে থাকবে ভালোবাসার মানুষ। বর্তমান বিশ্বে যেখানে বেশিরভাগ খবরই হতাশার, সেখানে এটি কি উদযাপনের মতো কোনো বিষয় নয়?’
সূত্র: পিপল
ডিবিসি/এসভিএন