আন্তর্জাতিক
স্কটল্যান্ডের ঘটনা
গেম খেলার জন্য স্ত্রীর সঙ্গে চুক্তি, ১ সপ্তাহ যেন বিরক্ত না করে

বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স) খেলতে কাজ থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছেন স্কটল্যান্ডের ৩৮ বছর বয়সী শন লিটল। তবে শুধু ছুটি নিয়েই থামেননি তিনি। বসার ঘরে নিশ্চিন্তে গেম খেলতে স্ত্রী ও মেয়ের সাথে রীতিমতো বিরক্ত না করার লিখিত চুক্তিও করে ফেলেছেন।
বিবিসি স্কটল্যান্ডের খবরে বলা হয়েছে, পেশায় রঙমিস্ত্রি শন জানতেন, এক সপ্তাহ বাসায় থাকলে তাকে কুকুর হাঁটানো বা রান্নার মতো ঘরের কাজ করতে হবে। তাই এসব ঝামেলা থেকে বাঁচতে স্ত্রী নাটালি ও ১৩ বছর বয়সী মেয়ে শার্লটের সাথে এই চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, এই সাত দিন তাকে ঘরের কোনো কাজ করতে বলা যাবে না। এমনকি থালাবাসন ধোয়ার ঝামেলা এড়াতে তিনি কাগজের প্লেটও কিনে রেখেছেন।
শনের স্ত্রী নাটালি বিবিসি স্কটল্যান্ডকে বলেন, ‘তাকে ঘরের কোনো কাজ করতে বলার অনুমতি আমাদের নেই। সে কতক্ষণ খেলছে বা ঘণ্টার পর ঘণ্টা সোফা থেকে না ওঠায় তাকে অলস বলেও আমরা কোনো মন্তব্য করতে পারব না। হালকা খাবার কেনার জন্য সে আমাকে বাড়তি টাকা দিয়েছে, সে কোনো রান্না করবে না। সে এখানে বসে শুধু গেম খেলবে, এটাই তার একমাত্র কাজ।’
শন জানান, মজা করে টিকটক ভিডিও বানাতেই তিনি এই চুক্তি করেছিলেন, তবে এর মধ্যে কিছুটা সত্যতাও আছে। এর বিনিময়ে স্ত্রী ও মেয়েকে ভালো অঙ্কের টাকাও দিয়েছেন শন। নাটালিকে ৫০ পাউন্ড ও শার্লটকে ২০ পাউন্ড দেয়ার পাশাপাশি সংসারের সাপ্তাহিক খরচ বাড়িয়ে ৫০০ পাউন্ড করেছেন তিনি।
নিউটন স্টুয়ার্টের বাসিন্দা শন বলেন, ‘সম্ভবত মানুষ আমাকে পাগল ভাবছে, কিন্তু সত্যি বলতে তারা ভুল ভাবছে কি না তা আমি জানি না। মানুষ কী ভাবল তাতে আমার কিছু যায় আসে না। আমার পরিবার খুশি, আমি খুশি- আমার কাছের মানুষগুলো খুশি থাকলে অন্য কে কী ভাবল তাতে কী আসে যায়?’
কিশোর বয়সে প্রথম জিটিএ খেলা শন এখনো নিজেকে মনেপ্রাণে কিশোর মনে করেন। নিজেকে ১৯৭০-এর দশকের স্টার ওয়ার্স ভক্তদের সাথে তুলনা করে তিনি বলেন, ‘২০২৬ সালে যদি নতুন কোনো স্টার ওয়ার্স সিনেমা আসে, তবে ৬০ বছর বয়স হয়ে গেছে বলে কেউ তার ভক্ত হওয়া বন্ধ করে দেয় না। কোনো কিছুর প্রতি ভালোবাসা বয়স বাড়লে কমে না।’
১৩ বছর ধরে জিটিএ সিক্স-এর অপেক্ষায় থাকা শন আরও বলেন, ‘সত্যি বলতে জিটিএ ফাইভ শেষ করার পর থেকেই আমি এর অপেক্ষায় আছি। এভাবে চলতে থাকলে জিটিএ সেভেন আসার সময় আমার বয়স হবে ৫১, তখনো হয়তো মনেপ্রাণে কিশোরই থাকব।’ এই এক সপ্তাহের ছুটির জন্য তিনি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ১৩ ঘণ্টা করে কাজ করে টাকা জমিয়েছেন। স্পেনের বেনিডর্মে ঘুরতে যাওয়ার চেয়ে গেমের ভাইস সিটিতে সময় কাটানোই বেশি ভালো বলে মজা করে মন্তব্য করেন তিনি।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন