ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুমিল্লায় বারোশ গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ করে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’

কুমিল্লায় বারোশ গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ করে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’

সারা বাংলা

কুমিল্লায় বারোশ গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ করে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কুমিল্লার মুরাদনগরে মাত্র তিন মাসের কার্যক্রমে প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের কাছ থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করে উধাও হয়েছে ‘আইসেল ওয়ান মার্কেট’ নামে একটি কথিত আর্থিক প্রতিষ্ঠান। ১০ দিনে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মালিক ও পরিচালকদের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির তিন মাঠকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিকসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রামের একটি বাড়িতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মুরাদনগরের ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মো. সাইফুল ইসলাম, পশ্চিম সোনাউল্লাহ গ্রামের শরীফুল ইসলাম এবং দেবিদ্বারের রাজামেহার গ্রামের নজরুল ইসলাম। তাঁরা প্রতিষ্ঠানটির মুরাদনগর শাখার মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে। এরপর গ্রাহকদের জমাকৃত টাকা মাত্র ১০ দিনের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের অর্থ সংগ্রহ করে।

 

গত ১৭ নভেম্বর সকালে প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকেরা গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রাহক কার্যালয়ে ভিড় করেন। এ সময় উত্তেজিত গ্রাহকেরা তিন মাঠকর্মীকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

 

ভুক্তভোগী ফারুক মিয়ার দাবি, আটক মাঠকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১০ কোটি টাকা সংগ্রহ করেছে। এদিকে গ্রাহকেরা প্রতিষ্ঠানের বৈধতার কাগজপত্র দেখতে চাইলে ভবনমালিক তা দেখাতে পারেননি বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তার তিনজনকে বুধবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন