প্রবাস
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, বেঁচে ফিরলেন এক বাংলাদেশি

উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা একটি রাবারের নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার ঘটনায় ৫৯ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে ৫৫ জন বাংলাদেশি এবং পাঁচজন সুদানের নাগরিকসহ মোট ৬০ জন ছিলেন। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গ্রিসের একটি দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়েছেন শুধু বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুর উপজেলার যুবক মাসুম মিয়া (২৩)।
গত ৩১ অক্টোবর মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে রওনা দেন ওই অভিবাসনপ্রত্যাশীরা। বেঁচে ফেরা মাসুম মিয়ার ভাষ্য অনুযায়ী, ৩ নভেম্বর দুপুরে গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি পৌঁছালে বাতাসে ফোলানো রাবারের নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সবাই উত্তাল সাগরে পড়ে যান।
নৌকাডুবির পর প্রাণ বাঁচাতে যাত্রীরা নৌকার ভগ্নাংশ ও রশি ধরে ভেসে থাকার চেষ্টা করলেও উত্তাল ঢেউয়ে একে একে অনেকে তলিয়ে যান। মাসুম জানান, নিজের চোখের সামনে কয়েকজনকে সাগরে ডুবে যেতে দেখেছেন তিনি। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর জ্ঞান হারিয়ে ফেলেন এবং একপর্যায়ে ঢেউয়ের টানে একটি দ্বীপের কাছে ভেসে যান। পরদিন ভোরে দ্বীপে পৌঁছে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হেঁটে একটি বাড়িতে যান তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে খাবার ও পোশাক দিলে পরে তাঁকে গ্রিসের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
গ্রিসের কোস্টগার্ডের তথ্যমতে, ৪ নভেম্বর ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রা উপকূলের কাছে ক্রিসি দ্বীপ থেকে ২৩ বছর বয়সী ওই বাংলাদেশি যুবককে উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজদের সন্ধানে গ্রিসের যৌথ উদ্ধার সমন্বয় কেন্দ্র অভিযান শুরু করে। এতে কোস্টগার্ডের দুটি টহল জাহাজ, আশপাশের বাণিজ্যিক জাহাজ এবং ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ অংশ নেয়। তবে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে বাকি যাত্রীদের কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। ৫ নভেম্বর গ্রিক সংবাদমাধ্যম *কাথিমেরিনি*-তেও ৫৯ জন নিখোঁজ থাকার তথ্য প্রকাশিত হয়।
এদিকে ৭ নভেম্বর ক্রিসি দ্বীপের একটি সৈকতে এক ব্যক্তির মরদেহ দেখতে পাওয়ার খবর জানায় গ্রিসের একাধিক সংবাদমাধ্যম। বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি ৩ নভেম্বরের নৌকাডুবির ঘটনার কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, ইউরোপে পাড়ি জমানোর জন্য কেউ পরিবারের শেষ সম্বল বিক্রি করেছেন, কেউবা ঋণ করে দালালদের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়েছেন। প্রিয়জনের খোঁজে স্বজনেরা ফেসবুকে নিখোঁজদের ছবি ও পরিচয় দিয়ে পোস্ট করছেন, তবে এখনো কোনো নিশ্চিত তথ্য পাননি।
নিখোঁজদের মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয়জনের পরিচয় সামনে এসেছে। স্বজনেরা জানান, নিখোঁজ এক যুবকের বাবা ছেলের এই পরিণতির খবর শুনে স্ট্রোক করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে প্রতিবছরই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার এমন ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন বহু মানুষ। যার পরিণতিতে কেউ আটক কেন্দ্রে বন্দি হচ্ছেন, কেউ প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন, আর অনেকেরই শেষ ঠিকানা হচ্ছে ভূমধ্যসাগরের অতল জলরাশি।
ডিবিসি/এমএনকে