ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের  বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩৫ মিনিট আগে

২০১৭ সালে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে করা গণহত্যার মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রায় সাত বছর আগে ওআইসির সমর্থনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলা করেছিল। আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হতে পারে, যা ১৯৪৮ সালের গণহত্যা সনদ ও রাষ্ট্রীয় জবাবদিহির ক্ষেত্রে নতুন নজির তৈরি করবে।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন থেকে রোহিঙ্গাদের ব্যাপকভাবে বিতাড়নের সময় গ্রাম জ্বালিয়ে দেয়া, হত্যা, নির্যাতন ও গণধর্ষণের ঘটনা ঘটেছিল বলে জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন ও মানবাধিকার সংগঠনগুলো নথিবদ্ধ করেছে। মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন বা গণহত্যার অভিযোগ অস্বীকার করে একে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তথাকথিত সামরিক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বলে দাবি করে আসছে। ২০১৯ সালে মামলা শুরুর পর তৎকালীন রাষ্ট্রনেতা অং সান সু চি দ্য হেগে মিয়ানমারের পক্ষে প্রাথমিক আইনি লড়াইয়ে নেতৃত্ব দিলেও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হলে নতুন আইনি দল দায়িত্ব নেয়।

 

আন্তর্জাতিক আইনে গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা অত্যন্ত কঠিন এবং আদালত এ ক্ষেত্রে কঠোর মানদণ্ড অনুসরণ করে থাকে। মামলার নেতৃত্ব দেয়া আইনজীবী আরসালান সুলেমান জানিয়েছেন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইনসহ দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতি ও সামরিক অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে তারা গণহত্যার উদ্দেশ্য প্রমাণের যুক্তি উপস্থাপন করেছেন। অন্যদিকে সু চি ও মিয়ানমারের পক্ষ থেকে সংঘাত ও সামরিক অভিযানকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগ আনা হলেও যুদ্ধাপরাধের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়া হয়নি।

 

গাম্বিয়ার পক্ষে রায় এলে তা মিয়ানমারের বর্তমান শাসক জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যিনি সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠনে সক্রিয় রয়েছেন। আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ না থাকলেও এর সঙ্গে সরাসরি কোনো শাস্তির বিধান যুক্ত নেই এবং এশীয় দেশগুলোর কাছে রায়টি কতটা গুরুত্ব পাবে, তা নিয়ে সংশয় রয়েছে।

 

রোহিঙ্গাদের কাছে এই রায় দীর্ঘদিনের দুর্ভোগ ও বঞ্চনার স্বীকৃতি পাওয়ার বড় উপলক্ষ হলেও নিরাপদে নিজ ভূমিতে ফেরার পথ এখনো অনিশ্চিত। বর্তমানে রাখাইন প্রদেশের বড় অংশ বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় সেখানে সংঘাত ও অস্থিতিশীলতা বিরাজ করছে, পাশাপাশি স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বিরূপ মনোভাব রয়েছে।

 

অনেক রোহিঙ্গা গ্রাম ধ্বংস হয়ে যাওয়া এবং আন্তর্জাতিক সমর্থন ও অর্থায়ন কমে আসার প্রেক্ষাপটে বাস্তবতার সংকট আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা এখনো শিবিরে মানবেতর জীবনযাপন করছেন এবং কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

 

আইন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের মতে, আইসিজের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠতে পারে। তবে মাঠপর্যায়ে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে এই রায়ের পাশাপাশি শক্তিশালী কূটনৈতিক ও আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তা এখনো অপরিসীম।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন