বাংলাদেশ
১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা যুক্তরাষ্ট্রের

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে উত্থাপিত এই প্রস্তাবটির পক্ষে বুধবার ১২৮টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ৬টি এবং ৩৩টি দেশ ভোটদানে বিরত থাকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। উল্টো এই দীর্ঘস্থায়ী সংকটের কারণে বাংলাদেশ ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত সঞ্চিতা হক প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের তাগিদ দেন। পাশাপাশি, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মাধ্যমে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, অবাধ মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, প্রস্তাবটিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র এর ওপর ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ নীতিগত আপত্তি রয়েছে; তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই কঠোর ও অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা ও মানবিক ভূমিকা পালন করে আসছে, তার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।
ডিবিসি/এমএনকে