ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের ৬০ সামরিক স্থাপনায় সৌদি জোটের হামলা

ইয়েমেনে হুতিদের ৬০ সামরিক স্থাপনায় সৌদি জোটের হামলা

আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের ৬০ সামরিক স্থাপনায় সৌদি জোটের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের দিকে হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে দেশটিতে হুতিদের ৬০টি সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও গুদাম হিসেবে ব্যবহৃত বেশ কিছু সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে বলে জোটের মুখপাত্র জানিয়েছেন।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার সকালে জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে হুতিদের (যারা আনসার আল্লাহ নামেও পরিচিত) অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার সানা, হোদেইদা, আমরান ও সাদা প্রদেশে এই বিমান হামলা চালানো হয়।

 

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনি সেনাবাহিনী ও তাদের অনুগত বাহিনীগুলো এডেন রক্ষার কৌশল হিসেবে পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের কৌশলগত জলপথ বাব আল-মান্দাব প্রণালীর আশপাশের এলাকা এবং ধুবাব বিমানবন্দর থেকে সরে এসেছে। অন্যদিকে, লাহিজ প্রদেশের তুর আল-বাহাহ এলাকাতেও সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।

 

তাইজে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি হাদিল আল-ইয়ামানি জানান, সেখানে সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলছে। স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, হুতিরা বেসামরিক নাগরিক ও আবাসিক এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। জাবাল সাবর এলাকার গ্রামগুলো সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে প্রতিদিন স্নাইপার হামলা চালানো হচ্ছে। এতে নারী ও শিশুসহ সাধারণ মানুষ হতাহত হচ্ছেন এবং তাদের নিরাপদে সরিয়ে নিতে জরুরি ভিত্তিতে নিরাপদ করিডোর খোলার আবেদন জানানো হয়েছে।

 

এদিকে, তাইজ কর্তৃপক্ষ হুতিদের বিরুদ্ধে তল্লাশিচৌকি বসিয়ে বেসামরিক নাগরিকদের কাছ থেকে অর্থ আদায় এবং হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানার লাইসেন্স না থাকার অজুহাতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের চালান জব্দ করার অভিযোগ এনেছে। 

 

সোমবার তাইজের জনস্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তর এক বিবৃতিতে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে ওষুধের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত এবং চিকিৎসাসেবা পাওয়ার মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছে। এডেন থেকে তাইজে চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দেওয়ায় চলমান অবরোধ আরও তীব্র হয়েছে এবং হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মুখে পড়েছে উল্লেখ করে তাইজ কর্মকর্তারা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বুধবার রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে। সৌদি আরবের সামরিক, বেসামরিক ও তেল অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটির কয়েক সপ্তাহ ধরে চলা হামলার সর্বশেষ ঘটনা এটি। 

 

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা রিয়াদের কাছে তেল পাম্পিং স্টেশন এবং দক্ষিণ সৌদি আরবের একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এ দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বুধবার সৌদি আরবের জিজান, নাজরান ও খামিস মুশাইত শহরে সতর্কসংকেত বাজানো হলেও পরে বিপদ কেটে যায়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন