ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ফিফা বস ইনফান্তিনোকে সড়াতে ফ্রান্সের দিয়ালোকে পূর্ণ সমর্থন জার্মানির

ফিফা বস ইনফান্তিনোকে সড়াতে ফ্রান্সের দিয়ালোকে পূর্ণ সমর্থন জার্মানির

খেলাধুলা, ফুটবল

ফিফা বস ইনফান্তিনোকে সড়াতে ফ্রান্সের দিয়ালোকে পূর্ণ সমর্থন জার্মানির

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ফিফার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রধান ফিলিপ দিয়ালোকে পুরোপুরি সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। এতে ইউরোপে দিয়ালোর অবস্থান আরও শক্ত হলো।

বুধবার (১৮ নভেম্বর) ডিএফবি প্রেসিডেন্ট বার্নড নুয়েনডর্ফ এই ঘোষণা দেন। এর দুই দিন আগেই আগামী মার্চের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে লড়তে উয়েফার সমর্থন নেন দিয়ালো। ফিফার শীর্ষ পদে বদল আনতে চায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।


দিয়ালোর প্রশংসা করে নুয়েনডর্ফ বলেন, ফিলিপ দিয়ালো ফুটবলের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন এবং আগামী বছরগুলোতে ফুটবলের সামনে আসা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফুটবলে তার বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং ইউরোপীয় ফুটবলে তিনি ব্যাপকভাবে শ্রদ্ধেয়। দায়িত্ব পালনের ধরন এবং তিনি যে মূল্যবোধ ধারণ করেন, তা বর্তমান ফিফা প্রেসিডেন্টের চেয়ে স্পষ্টতই আলাদা। জার্মানির পাশাপাশি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও দিয়ালোর পাশে দাঁড়িয়েছে। ইউরোপের আরও অনেক দেশ শিগগিরই তাকে সমর্থন দেবে বলে ধারণা করা হচ্ছে।


মঙ্গলবার দিয়ালো জানান, ইউরোপের বাইরেও অনেক দেশের সমর্থন তার সাথে আছে। তিনি বলেন, তাকে (ইনফান্তিনো) হারাতে হলে ১০৬টি ভোট প্রয়োজন, যা সংখ্যাগরিষ্ঠতা। এখন আমার এবং আমার দলের দায়িত্ব হলো অন্য মহাদেশের দেশগুলোকে বোঝানো। তবে গতকাল (সোমবার) থেকেই আমি জোরালো সমর্থনের স্বতঃস্ফূর্ত ইঙ্গিত পাচ্ছি, যা আগামী দিনগুলোতে প্রকাশ পাবে।


২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্বে থাকা ইনফান্তিনো এবার চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন। তবে গত জুলাইয়ে ভবিষ্যৎ বিশ্বকাপের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টা করার পর থেকেই তিনি ব্যাপক বিরোধিতার মুখে পড়েন। কড়া সমালোচনার মুখে তিনি দ্রুত সেই প্রস্তাব থেকে সরে এলেও বিতর্ক থামেনি। সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে অপরাধমূলক অব্যবস্থাপনার সম্ভাব্য অভিযোগ আনতে প্রমাণ জোগাড়ের জন্য ফ্লোরিডার একটি আদালতে গেছে উয়েফা।


ইউরোপের অন্য দেশগুলোর মতো গত সেপ্টেম্বরেই ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নেয়ার কথা জানিয়েছিল এফএফএফ। তখন দিয়ালো বলেছিলেন, ফিফা প্রেসিডেন্টের ওপর রাখা আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বারবার পদত্যাগের দাবি উঠলেও তা পাত্তা না দিয়ে ইনফান্তিনো বলছেন, বিশ্বজুড়ে সদস্য দেশগুলোর বিপুল সমর্থন তার পক্ষেই আছে। তবে পরিবর্তনের ডাক দিয়ে নুয়েনডর্ফ বলেন, আমরা চাই ফুটবলের ভালোর জন্য পরিবর্তন আসুক।

 

আমরা এমন একটি ফিফা চাই, যা ফুটবলের সেবা করবে এবং সব সদস্য অ্যাসোসিয়েশনের স্বার্থে কাজ করবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে এফএফএফের প্রধানের দায়িত্বে থাকা দিয়ালো ছাড়াও এবার ইনফান্তিনোর বিপক্ষে লড়ছেন জাপানের শীর্ষ ফুটবল কর্মকর্তা কোজো তাশিমা ও সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার র‍্যামন ভেগা।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন