ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আওয়ামী লীগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আওয়ামী লীগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সারা বাংলা

লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আওয়ামী লীগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিত্যদিনের মতোই স্বাভাবিকভাবে চলছে দূরপাল্লার বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন অংশে যানবাহন ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। এ সময় মহাসড়কে নিষিদ্ধ সংগঠনটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

 

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জনজীবন ও ব্যবসা-বাণিজ্য পুরোপুরি স্বাভাবিক রয়েছে। দাউদকান্দির বলদা খালের কনফেকশনারি দোকানদার জুম্মন হোসেন জানান, প্রতিদিনের মতোই তারা স্বাভাবিকভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

 

একই কথা জানান কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি বলেন, অন্যান্য দিনের মতো আজও সবকিছু স্বাভাবিক। যানবাহন ও মানুষের চলাচল দেখে মনেই হচ্ছে না যে কেউ কোনো কর্মসূচি ডেকেছে। বুড়িচং উপজেলার নিমসার বাজারের ব্যবসায়ী মামুনুর রশিদ জানান, পাইকারি বাজারে প্রতিদিনের মতোই ক্রেতাদের সমাগম ঘটেছে এবং বেচাকেনাও স্বাভাবিক রয়েছে।

 

যান চলাচলের বিষয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান চালক ফরহাদ হোসেন জানান, রাত ১টায় চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সকাল ৭টায় তিনি চান্দিনা এসে পৌঁছেছেন এবং রাস্তার কোথাও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি।

 

এদিকে, মাঠপর্যায়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সারারাত তারা কুমিল্লা মহানগর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেছিলেন, তবে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি। তাদের অঙ্গসংগঠনগুলো মাঠে সক্রিয় রয়েছে এবং যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

 

সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, যেকোনো ধরনের অরাজকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলে রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটার এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন