আন্তর্জাতিক, ভারত
স্বজনদের বিদায় দিতে উঠলেন ট্রেনে, দরজা আটকে যাওয়ায় ১৪০ কিমি গিয়ে গুনতে হলো জরিমানা

ভারতের উত্তর প্রদেশের কানপুর সেন্ট্রাল রেলস্টেশনে স্বজনদের বিদায় জানাতে বন্দে ভারত এক্সপ্রেসে উঠে বিপদে পড়েছেন ১২ জন। ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে আটকা পড়ে তাদের প্রায় ১৪০ কিলোমিটার পথ যেতে হয়েছে। পরে ইটাওয়া জংশনে ট্রেন থামিয়ে তাদের নিরাপদে নামানো হয় এবং প্রত্যেককে ৩ হাজার রুপি করে মোট ৩৬ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
বারাণসী-নয়াদিল্লি রুটের ২২৪১৫ নম্বর বন্দে ভারত এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। কানপুরের বিভিন্ন এলাকা থেকে আসা ওই ১২ জন পরিবারের সদস্যদের আসনে বসিয়ে দিতে ট্রেনে উঠেছিলেন। কিন্তু তারা ভেতরে থাকতেই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। এই দরজা শুধু নির্ধারিত স্টেশনেই খোলে, তাই তারা আর কানপুর সেন্ট্রালে নামতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই নারী ও শিশুসহ ওই ১২ জনকে নিয়ে ট্রেন ছেড়ে দেয়। এতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তাদের স্বজনরা দুশ্চিন্তায় পড়ে যান।
আটকা পড়া ব্যক্তিরা দরজা খোলার জন্য ট্রেনের কর্মীদের অনুরোধ করেন। তবে চলন্ত অবস্থায় নিরাপত্তা ও কারিগরি নিয়মের কারণে তখনই দরজা খোলা সম্ভব হয়নি। এ নিয়ে তাদের কয়েকজন ক্ষোভও দেখান। পরে ট্রেনের কর্মীরা তুন্ডলা রেলওয়ে কন্ট্রোল রুমে খবর দেন। কন্ট্রোল রুমের নির্দেশে রবিবার সকাল ১০টা ৪৯ মিনিটের দিকে ইটাওয়া জংশনে ট্রেনটি থামানো হয়।
খবর পেয়ে ইটাওয়া জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট পিএম মীনা, রেলওয়ে প্রটেকশন ফোর্সের (আরপিএফ) ইন্সপেক্টর দিনেশ কুমার সিং ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ইন্সপেক্টর যদুবীর সিং পুলিশ নিয়ে সেখানে পৌঁছান। আরপিএফ ও জিআরপির যৌথ দল ওই ১২ জনকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনে। এরপর তাদের আরপিএফ পোস্টে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনার বিস্তারিত লিখে রাখা হয়।
অনুমতি ছাড়া ট্রেনে ওঠা ও রেলওয়ের নিয়ম ভাঙার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। রেলওয়ের বাণিজ্যিক বিভাগ প্রত্যেককে ৩ হাজার রুপি করে মোট ৩৬ হাজার রুপি জরিমানা করে। পরে বৈধ টিকিট বা অনুমতি ছাড়া ট্রেনে না ওঠার বিষয়ে সতর্ক করে তাদের ছেড়ে দেয়া হয়। বন্দে ভারতের মতো আধুনিক ট্রেনে নিয়ম মেনে চলা কতটা জরুরি, এই ঘটনা তা আবারও মনে করিয়ে দিল। সামান্য অসাবধানতাই যে বড় ভোগান্তি ও মোটা অঙ্কের জরিমানার কারণ হতে পারে, এটি তারই প্রমাণ।
ডিবিসি/এসভিএন