বিবিধ
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, দ্রুত প্রত্যাবাসন চায় বাংলাদেশ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে প্রস্তাব পাস হওয়ায় রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক বার্ষিক এই প্রস্তাবটি জাতিসংঘের থার্ড কমিটিতে গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ১২৮টি ও বিপক্ষে ৬টি ভোট পড়ে এবং ৩৩টি দেশ ভোটদানে বিরত থাকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকায় পাওয়া এক বার্তায় এ তথ্য জানা গেছে।
প্রস্তাবটি গ্রহণের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও রাষ্ট্রদূত সঞ্চিতা হক। দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির ৯ বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। এই দীর্ঘ অবস্থানের কারণে বাংলাদেশ, বিশেষ করে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ওপর বিশাল সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ তৈরি হয়েছে।
রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্ত রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে। কেবল উদ্বেগ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। সংকটটি মিয়ানমারেই তৈরি হয়েছে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজতে হবে বলে তিনি জোর দেন। প্রস্তাবটির কার্যকর বাস্তবায়ন ও সংকটের মূল কারণ দূর করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বিচার ও জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার আসন্ন রায়কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
গৃহীত প্রস্তাবে মিয়ানমারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির হাতে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্তদের কাছে বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানো এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে অর্থায়নসহ পর্যাপ্ত ও ধারাবাহিক আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর গুরুত্ব দেয়া হয়। প্রস্তাবে ভোটাধিকারসহ রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার সুরক্ষা এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির কথাও বলা হয়েছে।
এদিকে প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় এটির ওপর ভোটের অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। ভোটের ব্যাখ্যায় ওয়াশিংটন স্পষ্ট করে, জাতিসংঘের প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ নীতির সাথে মিল রেখেই তারা এ অবস্থান নিয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানায় মার্কিন প্রতিনিধিদল। একই সাথে এক দশকের বেশি সময় ধরে ১২ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিরতা ও সহিংসতার মধ্যেই জাতিসংঘের এই প্রস্তাবটি পাস হলো, যেখানে এখনো রোহিঙ্গাদের নিরাপদ ফেরার মতো অনুকূল পরিবেশ তৈরি হয়নি।
ডিবিসি/এসভিএন