ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

স্পিকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত

স্পিকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশ, জাতীয়

স্পিকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩৪ মিনিট আগে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে স্লোভেনিয়া সরকারের আগ্রহের কথা জানান।

 

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতা অর্জনের পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন এবং যুগোস্লাভিয়ার তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।

 

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, এ দেশের গণতান্ত্রিক যাত্রা ছিল দীর্ঘ অপেক্ষার। ১৯৪৭ সালে দেশভাগের পরও গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র অধরাই থেকে যায় এবং বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করে।

 

বিগত সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে এবং ১৬ বছরের প্রহসনের নির্বাচনে স্বৈরাচারী শাসনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়েছিল। ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে আপামর ছাত্র-জনতা রাজপথে নেমে সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে অভিহিত করেন।

 

সাক্ষাৎকালে উভয় পক্ষই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক সফর বিনিময়, রোহিঙ্গা সংকট সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

 

বৈঠকে স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন