ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সারা বাংলা

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে নভেম্বর ২০২৬ ০৪:২৭:৪৭ অপরাহ্ন

গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ গুম, খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। তার অভিযোগ, যারা ১৬ বছর মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই।”


মহেন্দ্রনগর খাল পুনঃখননের সুফল তুলে ধরে তারেক রহমান বলেন, এতে কৃষকেরা সেচের পানি পাবেন এবং খালের পাশের বাসিন্দাদের পানির কষ্ট কমবে। তরুণদের আয়ের সুযোগ তৈরিতে খালের বিভিন্ন অংশ তাদের বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে তারা মাছ চাষ ও হাঁস-মুরগি পালন করতে পারবেন। তিনি জানান, সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সিদ্ধান্ত নিয়েছে।


প্রধানমন্ত্রী আরও জানান, ডিসেম্বরে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। এ জন্য তালিকা তৈরির কাজ প্রায় শেষ। কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারের নারীরা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। এ ছাড়া আগামী এক থেকে দুই মাসের মধ্যে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার কাজ শুরু হবে বলে জানান তিনি। উত্তরাঞ্চলে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন