ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নির্বাচনে ট্রাম্পের দলের পিছনে টাকা খরচ করাটা খুব বোকামি হয়েছে: ইলন মাস্ক

নির্বাচনে ট্রাম্পের দলের পিছনে টাকা খরচ করাটা খুব বোকামি হয়েছে: ইলন মাস্ক

আন্তর্জাতিক

নির্বাচনে ট্রাম্পের দলের পিছনে টাকা খরচ করাটা খুব বোকামি হয়েছে: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে নভেম্বর ২০২৬ ০৫:১৪:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় হারের পর রেকর্ড ৪৪ কোটি ৬০ লাখ ডলার খরচ করাকে ‘বেশ বোকামি’ বলেছেন ইলন মাস্ক। বুধবার (১৮ নভেম্বর) তিনি এই কথা জানান। টেসলা ও স্পেসএক্সের প্রধান মাস্ক এবারের নির্বাচনে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি টাকা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলকে জেতাতে, বিশেষ করে টেক্সাসে যেখানে তার অনেক ব্যবসা রয়েছে, সেখানে তিনি এই বিশাল অঙ্কের টাকা ঢেলেছিলেন।

নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুটি কক্ষই দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা। দোদুল্যমান আসন ছাড়াও কয়েক দশক ধরে রিপাবলিকানদের দখলে থাকা অনেক জায়গায় তারা বড় জয় পেয়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় চাপে থাকা ট্রাম্পের জন্য এটি বড় ধাক্কা। বুধবার নিউইয়র্ক টাইমস ডিলবুক সামিটে অনলাইনে যুক্ত হয়ে মাস্ক জানান, তিনি ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের সাথে নেই। মাস্ক বলেন, আমি মাগা নই। তিনি আরও বলেন, মাগা বলতে কী বোঝায় তা আমি নিশ্চিত নই, এর অর্থ যদি রিপাবলিকান পার্টির একগুচ্ছ নীতির প্রতি এক ধরনের অন্ধ আনুগত্য হয়, তবে আমার মধ্যে অবশ্যই তা নেই।


মাস্কের এই কথায় বড় ধরনের সুর বদল দেখা গেছে, কারণ আগে তাকে অনেকবার ‘মাগা’ টুপি পরতে দেখা গেছে। ২০২৪ সালে ট্রাম্পের এক সমাবেশে তিনি মজা করে বলেছিলেন, আমি শুধু মাগা নই, আমি ডার্ক, গথিক মাগা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে মাস্ক বিনা বেতনে প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে সরকারি খরচ কমাতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ)-এর নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া গত অক্টোবরে পেন্টাগন তাকে ‘প্রজেক্ট মেরিডিয়ান’ নামে ভবিষ্যতের যুদ্ধকৌশল বিষয়ক একটি গবেষণার সহ-নেতৃত্বের দায়িত্ব দেয়।


মাস্ক মনে করেন, রিপাবলিকানদের প্রচারণায় এত টাকা খরচ করে খুব একটা লাভ হয়নি। তবে এই টাকা না দিলে প্রার্থীদের ফল আরও খারাপ হতো বলেও তিনি মন্তব্য করেন। রিপাবলিকানদের এই বড় হারে মাস্ক ও তার ব্যবসার ওপর চাপ বাড়তে পারে। ক্ষমতায় আসা ডেমোক্র্যাটরা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়ানোর কথা বলেছেন। জর্জিয়ায় স্পেসএক্সের ডেটা সেন্টার আছে, সেখানকার নতুন ডেমোক্র্যাট গভর্নর এসব বড় স্থাপনা তৈরি ও কর ছাড় সীমিত করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার পর স্পেসএক্স প্রায় ১ হাজার কোটি ডলারের নতুন সরকারি কাজ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন