বাংলাদেশ, শিক্ষা
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা প্রত্যাশিত শিখনফল অর্জন করতে পারে। এ লক্ষ্যে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মসূচির প্রতিটি অংশের লক্ষ্য, বাস্তবায়নের পদ্ধতি ও জবাবদিহির ব্যবস্থা স্পষ্ট করার ওপর জোর দেন তিনি। বিভিন্ন প্রকল্পে একই ধরনের কার্যক্রম থাকলে সেগুলো সমন্বিতভাবে বাস্তবায়নের কথাও বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, সরকারি ও বেসরকারি সব ধারার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও তদারকির ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এ শিক্ষার সুযোগ ও সমতা নিশ্চিত করার পাশাপাশি শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ পাঠদান পদ্ধতি, শিখনঘাটতি পূরণে সহায়ক পাঠদান এবং প্রাক্-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গবেষণায় কার্যকর ও সাশ্রয়ী বলে চিহ্নিত উদ্যোগগুলো বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বিশ্বব্যাংক।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএফএল