আন্তর্জাতিক, আমেরিকা
যুক্তরাষ্ট্রে গাড়িচাপা পড়া যুবককে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান!

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে এক প্রতিবেশীর গাড়ি মেরামত করতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়েন ২৮ বছর বয়সী লোগান মামফোর্ড। জরুরি সেবার ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছান তার মা ট্রিশা মামফোর্ড, যিনি পেশায় প্যারামেডিক। ছেলের নাম শুনেই তিনি বুঝতে পারেন, কাকে বাঁচাতে ছুটে এসেছেন। অন্য উদ্ধারকর্মীদের সঙ্গে তিনিও ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন। পরে হাসপাতালে লোগানের মৃত্যু হয়।
সেভিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় ও কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক যৌথ বিবৃতিতে জানায়, সোমবার সন্ধ্যায় সিগার্ডের বাসিন্দা লোগান এক প্রতিবেশীর গ্যারেজে তার গাড়ি মেরামতে সাহায্য করছিলেন। গাড়ির নিচে ঢুকে তিনি অলটারনেটরের নাগাল পাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় গাড়িটি তুলে রাখার জ্যাক হঠাৎ দেবে গেলে লোগান নিচে চাপা পড়েন। তার মাথায় গুরুতর আঘাত লাগে।
ঘটনাস্থলে পৌঁছে শেরিফের কার্যালয়ের সদস্যরা লোগানকে গাড়ির নিচ থেকে বের করতে সহায়তা করেন। জরুরি সেবাকর্মীরা তখনই তাকে বাঁচানোর চেষ্টা শুরু করেন। লোগানের স্ত্রীও সেখানে ছিলেন। পরে হেলিকপ্টারে করে লোগানকে ইউটাহ ভ্যালি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
মঙ্গলবার এক বিবৃতিতে কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, উদ্ধারকর্মীরা ভয়াবহ পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ নেন। কিন্তু নিজের সন্তানকে বাঁচানোর ডাকে সাড়া দেওয়ার জন্য কোনো প্রশিক্ষণই একজন মাকে প্রস্তুত করতে পারে না।
লোগানের তিন বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। জরুরি ব্যবস্থাপনা বিভাগের ভাষ্য, অন্যের প্রয়োজনে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সেদিন সন্ধ্যায়ও প্রতিবেশীর গাড়ি ঠিক করতে এগিয়ে গিয়েছিলেন সেই স্বভাব থেকেই।
ডিবিসি/এসএফএল