আন্তর্জাতিক, অন্যান্য
ইসরায়েলে ফিলিস্তিনিদের মসজিদে আগুন দিয়েছে মুখোশধারীরা

উত্তর ইসরায়েলের আফুলা শহরের কাছে আল-দাহি গ্রামে একটি মসজিদের নিচতলার একটি কক্ষে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফজরের নামাজের সময় মসজিদের ইমাম সেখানে আগুন দেখতে পান। কাছের কয়েকটি ভবনের দেয়ালে প্রতিশোধ শব্দটি লেখা ছিল। ইসরায়েলি পুলিশ বলেছে, কেউ ইচ্ছা করে আগুন দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আল-দাহি গ্রামে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বসবাস।
মসজিদের ইমাম খালেদ আল-জুবি বলেন, ফজরের নামাজ পড়াতে এসে তিনি দোতলা মসজিদটির নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। তার ভাষ্য অনুযায়ী, মুখোশধারী তিন ব্যক্তি মসজিদের নিচতলায় আগুন দেয়।
বিরোধী নেতা ইয়ার লাপিদ এ ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ বলে অভিহিত করেছেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক শিবিরের দিকে ইঙ্গিত করে তিনি ইসরায়েলের আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি বন্ধের আহ্বান জানান। বামঘেঁষা ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়ার গোলান ঘটনাটিকে ইহুদি সন্ত্রাসবাদ আখ্যা দেন। তার অভিযোগ, আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু ও তার সরকারের উসকানিমূলক প্রচারের পরিণতি এই হামলা।
আরব সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন বৃহস্পতিবার গ্রামটি পরিদর্শন করেন। এ ঘটনার জন্য তিনি নেতানিয়াহু ও তার মন্ত্রিসভাকে দায়ী করেন। রা’আম দলের চেয়ারম্যান ও পার্লামেন্ট সদস্য মনসুর আব্বাস বলেন, সহিংসতাকে বৈধতা দিলে মানুষের জীবন বিপন্ন হয়।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুর রহমান শাদিদ হামলার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দায়ী করেছেন। তবে পুলিশের বিবৃতিতে সন্দেহভাজন কাউকে শনাক্ত করা হয়নি। এর আগের রাতে ইসরায়েলের কাফর কাসিম শহরে গাড়িচাপায় আটজন আহত হন। ওই ঘটনায় পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল