ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

হিসাব মিলছে না ভারতের ৪ রাফালের, ৩৬ থেকে কমে এখন ৩২টি

হিসাব মিলছে না ভারতের ৪ রাফালের, ৩৬ থেকে কমে এখন ৩২টি

আন্তর্জাতিক, ভারত

হিসাব মিলছে না ভারতের ৪ রাফালের, ৩৬ থেকে কমে এখন ৩২টি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বহরে বর্তমানে ফ্রান্সের তৈরি ৩২টি রাফাল যুদ্ধবিমান সক্রিয় রয়েছে। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আগে এই সংখ্যা ছিল ৩৬। যুক্তরাজ্যভিত্তিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই পরিসংখ্যান গত বছরের সংঘাতে ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইসলামাবাদের দাবিকে আরও জোরালো ভিত্তি দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীর তথ্য নিয়ে প্রকাশিত বার্ষিক ডিরেক্টরিতে ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’ ভারতীয় বিমান বাহিনীর সক্রিয় বহরে ৩২টি রাফাল থাকার কথা উল্লেখ করেছে।

 

২০১৬ সালে ভারত ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক চুক্তি করেছিল। এছাড়া সম্প্রতি দেশটি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার ক্রয়াদেশ দিয়েছে।

 

২০২৫ সালের মে মাসে ভারত-অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর এক হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে ওই সংঘাতের সূত্রপাত হয়। নয়াদিল্লি তথন দাবি করেছিল, ওই হামলায় পাকিস্তানের মদদ ছিল। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিবরণের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একে ‘মিথ্যাচারে পূর্ণ’ বলে অভিহিত করে।

 

চার দিনব্যাপী চলা ওই সংঘাতে উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে, যাতে অনেক মানুষ হতাহত হন। একে অপরের বিমানঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে পৌঁছায়।

 

সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করেছিল, তারা ফরাসি রাফালসহ ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তখন নয়াদিল্লি সংঘাতে ‘কিছু ক্ষয়ক্ষতির’ কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর দাবি নাকচ করে দেয়।

 

সে সময় ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে নিশ্চিত করেছিলেন, পাকিস্তানের হামলায় ভারতীয় বিমান বাহিনীর পরিচালিত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। অত্যাধুনিক এই ফরাসি যুদ্ধবিমানের যুদ্ধে ধ্বংস হওয়ার এটিই ছিল ইতিহাসের প্রথম ঘটনা। ওই ফরাসি কর্মকর্তা আরও জানিয়েছিলেন, আকাশযুদ্ধে পাকিস্তান একাধিক রাফাল ভূপাতিত করেছে কি না, ফরাসি কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।

 

চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) জানায়, ওই সংঘাতে তাদের ‘নিশ্চিত শিকার’-এর তালিকায় চারটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯, একটি মিরাজ ২০০০ এবং একটি বহুমুখী চালকবিহীন আকাশযান (ড্রোন) রয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ওই সংঘাতে বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা উল্লেখ করেছেন। গত ফেব্রুয়ারিতে দেওয়া সর্বশেষ হিসাবে তিনি ১০টি বিমান ভূপাতিত হওয়ার কথা বলেন। শুরুতে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার কথা বললেও গত বছরের অক্টোবরে ট্রাম্প সেই সংখ্যা বাড়িয়ে সাতটি এবং নভেম্বরে আটটি বলে উল্লেখ করেছিলেন।

 

প্রসঙ্গত, বিমান চলাচল বিষয়ক সংবাদমাধ্যম ‘ফ্লাইটগ্লোবাল’ থেকে মাসিক ভিত্তিতে প্রকাশিত ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’ ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়। মহাকাশ ও বিমান খাত নিয়ে কাজ করা এই সাময়িকীটি বিশ্বের প্রাচীনতম নিয়মিত প্রকাশিত অ্যাভিয়েশন সংবাদ সাময়িকী।

 

সূত্র: ডন

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন