ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের গুজরাটে খামারের কুয়োয় পড়ে সিংহের মৃত্যু

ভারতের গুজরাটে খামারের কুয়োয় পড়ে সিংহের মৃত্যু

আন্তর্জাতিক, ভারত

ভারতের গুজরাটে খামারের কুয়োয় পড়ে সিংহের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৭ মিনিট আগে

ভারতের গুজরাট রাজ্যের আমরেলি জেলায় খামারের একটি কুয়োয় পড়ে এক সিংহের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলার ধারি এলাকার জিরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এক কৃষকের জমিতে থাকা কুয়োটিতে সিংহটি পড়ে যায়। কুয়োটির চারপাশে নিচু দেয়াল থাকা সত্ত্বেও সিংহটি ভেতরে পড়ে পানিতে ডুবে মারা যায়।

গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং কুয়ো থেকে সিংহটির মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তে জানা গেছে, পানিতে ডুবেই সিংহটির মৃত্যু হয়েছে। এর পেছনে কোনো শিকারি বা কারও হাত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

 

গির বনের আশপাশের ফসলি জমিতে সিংহরা প্রায়ই ঘুরে বেড়ায়। কিন্তু এসব এলাকার খোলা ও অরক্ষিত কুয়োগুলো সিংহদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

এর আগেও এই এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সালের জানুয়ারিতে গির বনের তুলসীশ্যাম এলাকায় একটি খোলা কুয়োয় পড়ে দুটি সিংহ মারা যায়। তবে সে সময় কাছের আরেকটি কুয়ো থেকে একটি সিংহকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এছাড়া চলতি বছরের শুরুর দিকেও আমরেলি জেলার বিভিন্ন জায়গায় আলাদা ঘটনায় এক দিনে তিনটি সিংহশাবকের মৃত্যু হয়।

 

বন্যপ্রাণীদের বাঁচাতে গুজরাট বন বিভাগ আমরেলি ও গির সোমনাথ জেলার হাজার হাজার কুয়োর চারপাশে দেয়াল তৈরি করে দিয়েছে। তবে সর্বশেষ এই মৃত্যুর পর কুয়োগুলোর মুখ লোহার জাল বা গ্রিল দিয়ে ঢেকে দেওয়ার দাবি উঠেছে।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন