আন্তর্জাতিক, অন্যান্য
ইথিওপিয়ান এয়ারলাইনসের সাইবার নিরাপত্তায় ভাঙন, গ্রাহকের তথ্য ফাঁসের আশঙ্কা

ইথিওপিয়ান এয়ারলাইনসের ঘন ঘন ভ্রমণকারী যাত্রীদের জন্য চালু শেবামাইলস কর্মসূচির কম্পিউটার ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত গ্রাহকদের আর্থিক তথ্যে কেউ অননুমোদিত প্রবেশ করেছে, এমন কোনো প্রমাণ পাননি তদন্তকারীরা।
গ্রাহকদের কাছে পাঠানো এক বার্তায় ইথিওপিয়ান এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসফিন তাসেউ ঘটনার কথা নিশ্চিত করেছেন। শেবামাইলসের পক্ষ থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়, সম্প্রতি সংস্থার কম্পিউটার ব্যবস্থায় এ ঘটনা ঘটেছে। সংস্থাটি ঘটনার পরিসর সীমিত বলে বর্ণনা করেছে। তবে ঠিক কোন তারিখে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা জানায়নি।
কোন ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে কিংবা কতজন গ্রাহকের তথ্য ঝুঁকিতে পড়েছে, বার্তায় তা উল্লেখ করা হয়নি। শেবামাইলসের সঙ্গে যুক্ত কম্পিউটার ব্যবস্থা থেকে কেউ কোনো তথ্য চুরি করেছে কি না, সে বিষয়েও বিমান সংস্থাটি কিছু জানায়নি।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর প্রভাব কতটা, তা জানতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ইথিওপিয়ান এয়ারলাইনস। তদন্তে অগ্রগতি হলে গ্রাহকদের আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, সন্দেহজনক বার্তা বা অযাচিত যোগাযোগের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে বলেছে বিমান সংস্থাটি। এ ধরনের বার্তার মাধ্যমে প্রতারকেরা গ্রাহকদের কাছ থেকে কৌশলে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। ইথিওপিয়ান এয়ারলাইনস আফ্রিকার বিভিন্ন গন্তব্যের সঙ্গে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আমেরিকার বিস্তৃত অঞ্চলে ফ্লাইট পরিচালনা করে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল