ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন নিখোঁজ জজ

একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন নিখোঁজ জজ

সারা বাংলা

একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন নিখোঁজ জজ

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বরিশাল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

পুলিশ জানিয়েছে, কোনো অপহরণ বা অপরাধমূলক ঘটনা নয়; বরং একাকী সময় কাটাতেই মুঠোফোন বন্ধ রেখে তিনি কুয়াকাটায় গিয়েছিলেন।

 

শেখ ফারহান নাদীম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত। তিনি নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলায়।

 

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে আদালতের নিয়মিত কার্যক্রম শেষে বের হন বিচারক ফারহান নাদীম। এরপর থেকেই তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাসায় ফেরেননি। পরদিন বুধবার কর্মস্থলে অনুপস্থিত থাকলে সহকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই দিন বিকেলে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

জিডির পরপরই ছায়া তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন তিনি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। এরপর রিকশাযোগে নগরীর সদর রোড, গির্জা মহল্লা ও বাংলাবাজার এলাকা হয়ে আমতলা মোড়ের দিকে যান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন এবং তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মুঠোফোন বন্ধ থাকায় পরিবার ও প্রশাসনের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারের সময় বিচারক সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। পরবর্তীতে তাকে নিরাপদে বরিশালে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে পুলিশ।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন