সারা বাংলা
নিরাপত্তার চাদরে মুড়ছে যশোর শহর, ৫৭টি স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এতে পুরো শহর একটি সমন্বিত নিরাপত্তা বলয়ের আওতায় আসবে।
পরিকল্পনা অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, জনসমাগমপূর্ণ স্থান ও অপরাধপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এসব এআই ক্যামেরা বসানো হবে। সাম্প্রতিক সময়ে যশোর শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের মতো কয়েকটি সহিংস ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এ প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।
প্রচলিত সিসিটিভি ক্যামেরা কেবল ভিডিও ধারণ ও সংরক্ষণ করে। তবে এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা সফটওয়্যারের সহায়তায় ভিডিও বিশ্লেষণ করে অস্বাভাবিক গতিবিধি, নির্দিষ্ট কোনো ঘটনা বা সন্দেহজনক বস্তু শনাক্ত করতে পারে। এছাড়া যানবাহনের নম্বরপ্লেট শনাক্তকরণ, অপরাধীদের চলাচলের পথ অনুসরণ এবং সন্দেহজনক তৎপরতায় স্বয়ংক্রিয় সতর্কবার্তা দেওয়ার মতো সুবিধাও এতে থাকবে।
শহরের প্রতিটি রাস্তা নজরদারির আওতায় আনতে সম্প্রতি পেশাজীবী ও ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা ও পুলিশ প্রশাসন। সেখানে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান জানান, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ যশোর শহরে যাতায়াত করেন। ১৭৬টি এআই ক্যামেরা স্থাপনের পাশাপাশি ব্যবসায়ীরাও নিজ উদ্যোগে ক্যামেরা বসালে বাণিজ্যিক এলাকাগুলো নিরাপদ হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় এআই ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধী শনাক্তকরণ, গতিবিধি পর্যবেক্ষণ এবং অপরাধ প্রতিরোধে পুলিশের সক্ষমতা বাড়বে। প্রকল্পের কাজ দ্রুত শুরু করার প্রস্তুতি চলছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘যশোর শহরের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে। ফলে দ্রুত ও সহজেই ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।’
নগরীতে ক্যামেরা স্থাপনের উদ্যোগ অবশ্য এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে পৌরসভার উদ্যোগে শহরের ৭৬টি পয়েন্টে ১৩০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচালনাগত সমস্যার কারণে পরবর্তীতে অধিকাংশ ক্যামেরা অচল হয়ে পড়ে।
বিশ্লেষক ও সচেতন মহলের মতে, শুধু এআই ক্যামেরা বসালেই স্বয়ংক্রিয়ভাবে অপরাধ কমে যাবে না। প্রকল্পটি সফল ও দীর্ঘস্থায়ী করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ, সার্বক্ষণিক কেন্দ্রীয় মনিটরিং, দক্ষ প্রযুক্তিগত জনবল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভিডিও ফুটেজ সংরক্ষণ, তথ্যের অপব্যবহার রোধ এবং নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করাও জরুরি।
ডিবিসি/এমএনকে