সাহিত্য
কবি বেগম সুফিয়া কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

কবি ও নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক বেগম সুফিয়া কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ‘জননী সাহসিকা’ নামে পরিচিত এই কবি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় ৮৮ বছর বয়সে মারা যান। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে সুফিয়া কামালের জন্ম। সে সময় বাঙালি মুসলিম পরিবারের মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল সীমিত। নিজের চেষ্টায় পড়াশোনা শিখে ছোটবেলাতেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘সাঁঝের মায়া’, ‘মন ও জীবন’ ও ‘উদাত্ত পৃথিবী’।
ভাষা আন্দোলনে সুফিয়া কামাল নিজে অংশ নেন এবং অন্য নারীদেরও অংশ নিতে উদ্বুদ্ধ করেন। ১৯৭০ সালে তিনি মহিলা পরিষদ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। পরের বছর মার্চে অসহযোগ আন্দোলনের সময় নারীদের মিছিলে নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধের সময় ধানমন্ডিতে তাঁর বাড়ির বারান্দা হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের খবর আদান-প্রদানের কেন্দ্র।
স্বাধীনতার পরও নারীর সমঅধিকার ও গণতন্ত্রের দাবিতে সক্রিয় ছিলেন সুফিয়া কামাল। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় কারফিউ উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেন তিনি। তাঁর সাহিত্য ও সমাজকর্মের স্বীকৃতির মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার।
ডিবিসি/এমএনকে