ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ছাত্রলীগবিরোধী মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৯

ছাত্রলীগবিরোধী মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৯

সারা বাংলা

ছাত্রলীগবিরোধী মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৯

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল করাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এই সংঘর্ষ হয়।

হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিলের উদ্দেশ্যে বের হন। এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি এবং উভয় পক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনা ঘটে। পরে মিছিল শেষে হলে ফেরার পথে হলের ভেতরেই দুই পক্ষ আবারও হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ঘটনার বিষয়ে ভুক্তভোগী মেজবাউল হক মিজু অভিযোগ করে বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে সোহরাওয়ার্দী হলের দিকে ফেরার সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁর দাবি, সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে আসা ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী এই হামলায় অংশ নেন।

 

মিজু আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই।’

 

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ। তাঁর দাবি, মিজু মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেননি এবং মিজুর অনুসারীরাই প্রথমে তায়েফ ও সিফাতসহ তাঁদের পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে ছাত্রদল নেতা সিফাত মাথায় গুরুতর আঘাত পান এবং তিনি নিজেও আহত হন।

 

তায়েফ মাহমুদ বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা থেকে এই বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ থাকলেও তা হল পর্যায়ের সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করা হয়। ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে উসকানি দেওয়ার প্রতিবাদ করলেও তাঁদের ওপর হামলা হয়েছিল বলে তিনি জানান।

 

সাংগঠনিক পদ ব্যবহার করে একটি পক্ষ সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে দাবি করে তায়েফ মাহমুদ ওই পক্ষের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাকৃবি ছাত্রদল কোনো বিভাজন চায় না; বরং কেন্দ্রীয় নেতা আতিক, শফিক ও শোয়াইবের নির্দেশনায় একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করতে চায়। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, ‘হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করতে এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। তাছাড়া মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। ছাত্রলীগকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।’

 

সার্বিক বিষয়ে জানতে চাইলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘উভয় পক্ষের বক্তব্যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আগে ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন