ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

জাতীয়

তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫৫ মিনিট আগে

বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা ঘাত-প্রতিঘাত, আন্দোলন ও ত্যাগের অভিজ্ঞতা পেরিয়ে তিনি বর্তমানে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার জন্মদিন পালিত হচ্ছে।

মহান মুক্তিযুদ্ধের তিন বছর আগে সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও গৃহবধূ খালেদা জিয়ার পরিবারে জন্ম হয় তারেক রহমানের, যিনি পরিবারে ‘পিনু’ নামে পরিচিত ছিলেন। শৈশবেই মুক্তিযুদ্ধের সময় বাবার রণাঙ্গনে থাকা, মায়ের সঙ্গে নিরাপদ আশ্রয়ের খোঁজ এবং সেনা হেফাজতে থাকার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। স্বাধীন বাংলাদেশে বেড়ে ওঠার পাশাপাশি দুর্ভিক্ষ, সিপাহী-জনতার বিপ্লব ও বাবার রাজনীতি প্রত্যক্ষ করেন। তবে কৈশোরে পা দিতেই বাবাকে হারান তিনি।

 

বাবার মৃত্যুর পর মায়ের ছায়াসঙ্গী হয়ে ওঠেন তারেক রহমান। স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর বেগম খালেদা জিয়া সরকারপ্রধান হলে তিনি মায়ের পাশেই ছিলেন। ২০০১ সালের পর থেকে তিনি পুরোদমে রাজনীতিতে সক্রিয় হন। নিজের রাজনৈতিক ভাবনা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীসহ দলীয় মহলে দ্রুত পরিচিতি লাভ করেন।

 

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে তার জীবনে নতুন সংকট শুরু হয়। সে সময় কারাগারে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমানোর পর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন। পরের ১৭ বছরে দেশে দলীয় নেতাকর্মীদের ওপর মামলা-হামলা ও নির্যাতন, ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং মায়ের কারাবন্দিত্বের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করেও তিনি বিদেশ থেকে দলের নেতৃত্ব ধরে রাখেন।

 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বিদেশে থেকেই নেতাকর্মীদের সংগঠিত করা এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন তারেক রহমান। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই মা বেগম খালেদা জিয়াকে হারান। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনরায় নিয়ে সরকার গঠন করেন এবং প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন। সাধারণ জীবনযাপন ও গতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই জনসাধারণের দৃষ্টি কেড়েছেন তিনি।

 

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাদ জুমা জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন