আন্তর্জাতিক
ভিসা-মাস্টারকার্ডে সাইবার হানা, ফাঁস হলো হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য

বিশ্বের তিনটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের একটি তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে হাজারো গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানাসহ কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোর দাবি, এই হামলায় কোনো গ্রাহকের ব্যাংক হিসাব, কার্ড নম্বর বা আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য চুরি হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ব্যাংক জেপি মরগান চেজ। হামলার শিকার সেবাদাতা প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করে ব্যাংকটি জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেখানে সংরক্ষিত বিপণনসংক্রান্ত কিছু তথ্য এবং কয়েকজন গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিনা মূল্যে ক্রেডিট পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাংকটি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, ‘এন০এন’ (n0n) নামে একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে প্রমাণ হিসেবে কিছু নথি প্রকাশ করেছে। রাশিয়াভিত্তিক এই গোষ্ঠীটির আবির্ভাব ঘটে গত সেপ্টেম্বরে এবং তারা বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকিং চালানোর দাবি করেছে। তবে জেপি মরগানের সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তাদের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এসওসিআরাডার।
এদিকে, বিশ্বের অন্যতম বড় পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, হামলার শিকার সেবাদাতা প্রতিষ্ঠানটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। ভিসা স্পষ্ট করে বলেছে, তাদের নিজস্ব সিস্টেমে কোনো হামলা হয়নি বা তা ক্ষতিগ্রস্ত হয়নি এবং কার্ড নম্বরের মতো কোনো পেমেন্টসংক্রান্ত তথ্যও চুরি যায়নি।
ভিসার প্রধান প্রতিদ্বন্দ্বী মাস্টারকার্ডও প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইবার হামলার ফলে তাদের একটি নির্দিষ্ট সুবিধা কর্মসূচির আওতায় থাকা কিছু কার্ডধারীর সীমিত পরিমাণ অ-পেমেন্টসংক্রান্ত তথ্য প্রকাশ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট দলগুলো ওই সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের উৎস ও পূর্ণাঙ্গ ব্যাপ্তি এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও এতে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য জড়িত রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে, এ ঘটনায় তাদের কোনো পেমেন্ট বা ব্যাংকিং সেবা ব্যাহত হয়নি। পাশাপাশি গত এক সপ্তাহে জেপি মরগান চেজ, ইউনাইটেড এয়ারলাইনস ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কম্পিউটার ব্যবস্থায় যে তথ্যপ্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গে এই সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।
ডিবিসি/এফএইচআর