বিবিধ
রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো

দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সৃজনশীলতাকে তুলে ধরা এবং উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে এই আয়োজন চলছে।
‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটির উদ্যোগ নিয়েছে স্পাইকস্টোরি লিমিটেড। এতে দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, পেশাজীবী এবং নতুন প্রজন্মের এআই ক্রিয়েটররা একত্রিত হয়েছেন।
আয়োজকেরা জানান, গত ১২ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এআই অ্যাডভার্টাইজমেন্ট, এআই শর্ট ফিল্ম, এআই মিউজিক ভিডিও এবং এআই ফ্যাশন-এই চারটি বিভাগে কাজ আহ্বান করা হয়। দেশের ২৭টির বেশি জেলা থেকে এতে ৫ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। পাশাপাশি ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণার মাধ্যমে ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছায় আয়োজনটি।
জমা পড়া কাজগুলোর মধ্য থেকে নির্বাচিত সেরা ৬০ জন ফাইনালিস্টকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টারে দুই দিনব্যাপী ‘এআই ক্রিয়েটিভ বুটক্যাম্প’ আয়োজন করা হয়। সেখানে ব্র্যান্ডিং, স্টোরিটেলিং, ক্রিয়েটিভ ডিরেকশন এবং এআই টুলের দায়িত্বশীল ব্যবহারের ওপর প্রশিক্ষণ শেষে তাঁদের বাস্তবধর্মী ক্রিয়েটিভ ব্রিফ দেওয়া হয়।
অনুষ্ঠানের সামিট পর্বে থাকছে তিনটি মূল প্রবন্ধ (কিনোট সেশন) ও দুটি প্যানেল আলোচনা। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন সিবস সলিউশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং এআই ও ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাডভোকেট মুনির হাসান।
‘এআই অ্যান্ড দ্য নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন: ইজ বাংলাদেশ রেডি?’ শীর্ষক প্রথম প্যানেল আলোচনাটি সঞ্চালনা করবেন স্পাইকস্টোরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সাইমুম হোসাইন। এতে আলোচক হিসেবে থাকছেন কোডিজাইন লিমিটেডের সিইও অমিত রিচার্ড, অ্যাক্সেনটেক পিএলসির হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মুনাফ মজিব চৌধুরী, আলেফ গ্রুপের কান্ট্রি ডিরেক্টর মো. এহসানুল হক এবং বাংলালিংকের ‘রাইজ’ বিজনেস ইউনিটের প্রধান কে. এম. রায়হান।
দ্বিতীয় প্যানেল আলোচনার বিষয়-‘হিউম্যান ক্রিয়েটিভিটি ভার্সেস এআই এফিশিয়েন্সি: হু উইল লিড দ্য নেক্সট ক্রিয়েটিভ রেভল্যুশন?’। স্পাইকস্টোরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা হোসাইন আল ফারাবির সঞ্চালনায় এতে অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অ্যাডকম লিমিটেডের ভিপি ও এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর পুলক অনীল, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান এবং হাভাস বাংলাদেশের সিইও কিংকর আহসান।
সামিট শেষে অ্যাওয়ার্ড শো পর্বে চারটি বিভাগের বিজয়ী, রানার-আপ এবং অনারেবল মেনশন প্রাপ্তদের পুরস্কৃত করা হবে। এ ছাড়া সব কাজের মধ্য থেকে সামগ্রিকভাবে সেরা সৃষ্টিকে দেওয়া হবে বিশেষ ‘গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড’।
প্রাণ-আরএফএলের উপস্থাপনায় এই আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার ও সিবস সলিউশন। এ ছাড়া সাপোর্টিং পার্টনার হিসেবে যুক্ত আছে আস্থা আইটি, ভোসু এআই, এলএফ ইনকরপোরেশন, টেন মিনিট স্কুল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টার এবং মেরুন।
ডিবিসি/এমএনকে