ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

সারা বাংলা

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা চাঁদা দাবি করাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। খেলার একপর্যায়ে সে ধূমপান করছিল। এ সময় স্থানীয় মিশু (২১) নামের এক যুবক মুঠোফোনে তার ধূমপানের দৃশ্য ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি।

 

টাকা দিতে অস্বীকৃতি জানালে মিশু ও তাঁর বন্ধু রোহিত বাবুর (২১) সঙ্গে গালিবের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গালিবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়।

 

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মিশু, রোহিত বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাত থেকেই পুলিশের অভিযান চলছে। 

 

তিনি আরও জানান, নিহত গালিবের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন