সারা বাংলা
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভোলায় উত্তাল মেঘনা, থেমে থেমে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদ-নদী ও সাগর উত্তাল থাকায় উপকূলের মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে স্বাভাবিক জনজীবনেও প্রভাব পড়তে শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে ভোলাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবারও জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। কখনো মাঝারি, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল থেকে আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ভোলায় ২৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দু থেকে তিন দিন এ আবহাওয়া অব্যাহত থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে ভোলার মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। নদীতে পানির প্রবল ঢেউয়ের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা। নিরাপত্তার স্বার্থে অনেক জেলে মাছ ধরা বন্ধ রেখে নৌযান নিয়ে উপকূলের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
ডিবিসি/এসডব্লিউএন