স্বাস্থ্য
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৭ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৩ জনে। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭০ হাজার ২৮০ জন।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৮ জন। চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, বরিশালে ১৫৪ জন, খুলনায় ১২২ জন, রংপুরে ১০৫ জন ও ময়মনসিংহে ৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতেও বলেছেন তাঁরা।
ডিবিসি/আরএসএল