ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালে চিশতীয়া পীরের আস্তানায় ক্ষীর উৎসব

ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালে চিশতীয়া পীরের আস্তানায় ক্ষীর উৎসব

সারা বাংলা

ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালে চিশতীয়া পীরের আস্তানায় ক্ষীর উৎসব

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নবান্ন উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে অবস্থিত চিশতিয়া পীরের আস্তানায় ভক্তদের নিয়ে বসেছে একদিনের মিলনমেলা। প্রতি বছর বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার সারাদেশে অবস্থানরত চিশতিয়া পীরের ভক্তরা একত্রিত হয়ে বেগুনগ্রামে পালন করেন নবান্ন উৎসব।

আস্তানার ভান্ডারখানার দায়িত্বে থাকা লোকজনদের দেওয়া তথ্যমতে, এ বছর অগ্রহায়ণ মাসের প্রথমে গোলায় ধান তোলার পর ভক্তদের দেওয়া নতুন চাল ৮২ মণ, গুড় ১২৫ মণ, নারিকেল ১ হাজার ৮০০ পিস ও দুধ ৭০ মণ দিয়ে ক্ষীর রান্নার কাজ চলছে। পুরো আয়োজনের কাজে সহযোগিতার জন্য প্রায় শতাধিক পীরভক্ত কাজ করছেন। আর এসব কাজে স্বেচ্ছাসেবী রয়েছেন তিনশ জনের মতো।

 

আগের দিন বুধবার বিকেল থেকে নবান্ন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন চিশতিয়া পীরের হাজারো ভক্ত।

 

পীর ভক্তদের সাথে কথা বলে জানা গেছে, কোনো এক সময় সফর করতে এসে পীর আব্দুল গফুর চিশতী (রহ.) কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রামে বসবাস করতেন। সে সময় তিনি কুরআনের ওপর মানুষকে শিক্ষা দিতেন। পরে তিনি গ্রামটিতে প্রতিষ্ঠা করেন মক্তব, মাদ্রাসা এবং একটি আস্তানা। তিনি বাংলা ১৩৮২ সালের শ্রাবণ মাসের ১৬ তারিখে মৃত্যুবরণ করেন।

 

বৃহস্পতিবার বিকেলে ওই আস্তানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আস্তানার চার দেয়ালের মধ্যে ভক্তদের যেন ব্যস্ততার শেষ নেই। দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা আস্তানার ভেতরে প্রবেশ করছেন। অন্যদিকে ২৯টি চুলায় রান্না হচ্ছে ক্ষীর। চলবে রাত ১০টা পর্যন্ত। তাইতো ভক্তদের মধ্যে কেউ গুড়ের ঢিবা ভাঙছেন, কেউ নারিকেল ভাঙছেন আবার কেউ ব্যস্ত চুলায়। রান্না হয়ে গেলে ক্ষীর রাখা হচ্ছে একটি বড় হাউসে। বিতরণ করা হবে হালকায়ে জিকিরের পর।

 

উৎসবকে ঘিরে বেগুনগ্রামসহ আশপাশের গ্রামগুলোর ঘরে ঘরে জামাই-মেয়েসহ নিকটাত্মীয়-স্বজনদের সমাগম ঘটেছে। তাদের খাবারের জন্য ঘরে ঘরে চলছে মাংস, ক্ষীর ও পায়েসের আয়োজন। রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে বসেছে বিভিন্ন খাবার সামগ্রী ও মিষ্টান্নের দোকান। এছাড়া বসেছে বিভিন্ন সাংসারিক আসবাবপত্রের দোকান। আরও রয়েছে খৈচালা, চাঙারি, চালুন, কুলা, ডালা, কাঠের টুল, কাঠের পিঁড়ি, হাতপাখা, কাঠের হাতা, শিশুদের খেলনা, কাঠের ঘোড়া, করপা, ঢালিসহ বাহারি সব পণ্য। মৃৎশিল্পীরা বসেছেন মাটির তৈরি জিনিসপত্র নিয়ে। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও চরকি।

 

স্থানীয় জিন্দারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিনহাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই অনুষ্ঠান অনেক পুরোনো। একে কেন্দ্র করে ৪৫ থেকে ৫০ হাজার মানুষের আগমন ঘটে মাজার প্রাঙ্গণে। সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই চলে।’

 

আস্তানার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বলেন, ‘এই আস্তানাটি ১৩৭২ সালের ৬ কার্তিক উদ্বোধন করা হয়। পীর কেবলার সকল মুরিদান, আশেকান ও ভক্তদের অনুদানের অর্থে আস্তানার সকল কাজকর্ম পরিচালিত হয়ে আসছে।’

 

আস্তানার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মণ্ডল বলেন, ‘হজরত খাজা শাহ মাওলানা মো. আব্দুল গফুর চিশতী (রহ.) বাংলা ১৩২৮ সালে বেগুনগ্রামে আসেন। তার আগমনের তিন বছর পর থেকে এই নবান্ন উৎসব চলমান রয়েছে।’

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘নবান্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আস্তানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন