ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

জানুয়ারি থেকে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

জানুয়ারি থেকে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

আন্তর্জাতিক

জানুয়ারি থেকে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করতে যাচ্ছে মালয়েশিয়া।

দেশটির ইমিগ্রেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যমান ভিসা অব্যাহতির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছর থেকে মালয়েশিয়া ভ্রমণের আগেই ভারতীয় নাগরিকদের বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। তবে আগামী ১ ডিসেম্বর থেকেই মালয়েশিয়ার ‘মাইভিসা’ অনলাইন পোর্টালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করা যাবে।

 

করোনা মহামারির পর পর্যটন খাতকে চাঙা করতে ২০২৩ সালের ডিসেম্বরে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছিল মালয়েশিয়া। কিন্তু পরবর্তীতে এই সুবিধার অপব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দেয়। গত সেপ্টেম্বরে কুয়ালালামপুরের ভারতীয় হাইকমিশন সতর্ক করে জানিয়েছিল, অনেক ভারতীয় পর্যটক হিসেবে মালয়েশিয়ায় গিয়ে অবৈধভাবে কাজের সন্ধান করছেন এবং প্রতারক এজেন্টদের খপ্পরে পড়ে আটক ও আইনি জটিলতার শিকার হচ্ছেন। মূলত এ কারণেই ভিসা নীতিতে কঠোর হচ্ছে দেশটি।

 

ভিসা প্রক্রিয়াকরণেও নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়া। গত ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, কোনো আবেদন জমা দেওয়ার পর পেমেন্ট বা অন্যান্য প্রক্রিয়া সাত কর্মদিবসের বেশি অসম্পূর্ণ থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে আবেদনকারীকে পুনরায় নতুন ফরমে আবেদন করতে হবে এবং ভিসার ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।

 

এ ছাড়া বিদেশি ভ্রমণকারীদের পুরো ভ্রমণকালের জন্য স্বাস্থ্যবিমা করার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ভিসা আবেদনের সহায়ক নথি হিসেবে ‘মাইট্রিপপাস’ প্ল্যাটফর্ম থেকে ডিজিটাল স্বাস্থ্যবিমা সনদ সংগ্রহের সুপারিশ করা হয়েছে।

 

এর আগে গত ১ সেপ্টেম্বর মাল্টিপল-এন্ট্রি ভিসার সুবিধাও কমিয়ে কেবল ৩১টি দেশের নাগরিকদের জন্য সীমাবদ্ধ করে দেশটি।

 

এদিকে মালয়েশিয়া যখন প্রবেশাধিকার কঠোর করছে, তখন বিদেশিদের ভ্রমণ সহজ করতে নিজস্ব ভিসা ব্যবস্থায় বড় সংস্কার আনছে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, মূল ভিসা ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপ-ক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হচ্ছে।

 

২০২৬ সালের শেষ নাগাদ কার্যকর হতে যাওয়া এই নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসাকে ‘ভিজিটর ভিসা’য় রূপান্তর করে এর পরিধি বাড়ানো হচ্ছে। পাশাপাশি মেডিকেল ভিসায় এক বছরের মাল্টিপল-এন্ট্রি সুবিধা এবং ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ ক্যাটাগরিতে সহজ করা হচ্ছে। বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের ই-ভিসা সুবিধা দিচ্ছে ভারত।

ডিবিসি/এইচডিআই

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুন