ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বরগুনায় প্রাইভেটের ২০০ টাকা দিতে দেরি করায় ছাত্রসহ বাবা-মাকে পেটালেন শিক্ষিকার স্বামী

বরগুনায় প্রাইভেটের ২০০ টাকা দিতে দেরি করায় ছাত্রসহ বাবা-মাকে পেটালেন শিক্ষিকার স্বামী

সারা বাংলা

বরগুনায় প্রাইভেটের ২০০ টাকা দিতে দেরি করায় ছাত্রসহ বাবা-মাকে পেটালেন শিক্ষিকার স্বামী

বরগুনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মাত্র দুই শত টাকা। যে টাকা কয়েক দিন পর পরিশোধ করার কথা জানিয়েছিলেন এক অসহায় বাবা। কিন্তু সেই টাকা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বরগুনার তালতলীতে চতুর্থ শ্রেণির ছাত্র আবদুল্লাহকেসহ তার বাবা ও মাকে মারধরের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষিকার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে। বাঁশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহর মাথা। দিতে হয়েছে পনেরো থেকে ষোলোটি সেলাই। ছেলেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন বাবা-মাও। শেষ পর্যন্ত একই পরিবারের তিনজনকেই চিকিৎসা নিতে হয়েছে হাসপাতালের বিছানায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত শিক্ষার্থী আবদুল্লাহ ওই গ্রামের বেলাল হাওলাদার ও নুরজাহান বেগমের ছেলে। সে হারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

 

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুল্লাহ প্রায় আট মাস ধরে স্থানীয় মালা নামের এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ত। ওই শিক্ষিকা নিজ বাড়িতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ান। মাসিক চারশত টাকা চুক্তিতে আবদুল্লাহকে পড়ানো হতো। গত আট মাসের বেতন নিয়মিত পরিশোধ করে আসছিলেন তার বাবা। তবে অক্টোবর মাসের চারশত টাকা বেতনের মধ্যে দুই শত টাকা পরিশোধ করেন তিনি। বাকি দুই শত টাকা কয়েক দিন পর দেওয়ার কথা জানান।

 

পরিবারের আর্থিক টানাপোড়েনের কারণে পুরো টাকা একসঙ্গে দিতে পারেননি বলে জানান আবদুল্লাহর বাবা। কিন্তু সামান্য এই বকেয়া টাকা নিয়েই শিক্ষিকার স্বামী মিজানুর রহমানের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবদুল্লাহ শিক্ষিকার বাড়ি থেকে বের হওয়ার সময় মিজানুর রহমান বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে শিশুটির মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।

 

ছেলের ওপর হামলা দেখে তাকে রক্ষা করতে এগিয়ে যান বাবা বেলাল হাওলাদার। এ সময় তাকেও মারধর করা হয়। পরে ছেলেকে ও স্বামীকে বাঁচাতে মা নুরজাহান বেগম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। মিজানুর রহমানের পরিবারের সদস্য ও আরও কয়েকজন এ মারধরে অংশ নেন।

 

ঘটনার পর আহত তিনজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের মধ্যে কয়েকজন দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে যান। রক্তাক্ত অবস্থায় দশ বছরের শিশু আবদুল্লাহকে দেখে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয় উদ্ধারকারীরা আহত আবদুল্লাহ, তার বাবা ও মাকে উদ্ধার করে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

স্থানীয় উদ্ধারকারীরা জানান, ঘটনাস্থলে গিয়ে তারা একই পরিবারের তিনজনকে আহত অবস্থায় দেখতে পান। বিশেষ করে শিশুটির মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থা দেখে তারা দ্রুত হাসপাতালে নেন। সময় নষ্ট না করে তিনজনকেই হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

 

স্থানীয়দের ভাষ্য, মাত্র দুইশত টাকা বকেয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একটি পরিবারের তিনজনকে হাসপাতালে যেতে হবে, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।

 

এদিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আবদুল্লাহর মাথায় ১৫ থেকে ১৬টি সেলাই দেওয়া হয়। তার বাবা ও মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। একদিকে মাথায় আঘাত নিয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছে ১০ বছরের শিশু, অন্যদিকে একই হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে তার বাবা-মাকেও।

 

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, আবদুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবা ও মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অভিযোগের বিষয়ে প্রাইভেট শিক্ষিকার স্বামী মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রাইভেটের টাকা চেয়েছি। তাদের কাছে সবকিছু চলে, অথচ আমাদের প্রাইভেটের টাকা চলে না কেন- এ কথা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে মারধরের ঘটনা ঘটে।’

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মাত্র ২০০ টাকা বকেয়া নিয়ে শুরু হওয়া বিরোধে একটি পরিবারের তিন সদস্যের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন