আন্তর্জাতিক
১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পাঠানোর পোস্ট দিয়ে মুছে ফেলল মালয়েশিয়া

একটি কাঠামোগত দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছিল মালয়েশিয়া। তবে শুক্রবার এ সংক্রান্ত ঘোষণাটি দেওয়ার পরপরই কোনো ব্যাখ্যা ছাড়াই দেশটির উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদির ফেসবুক পেজ থেকে বিবৃতিটি সরিয়ে ফেলা হয়।
কী কারণে বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। মালয়েশিয়ায় অফিস সময় শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে মন্তব্যের জন্য আহমদ জাহিদের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এছাড়া তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্রাথমিক ওই বিবৃতিতে আহমদ জাহিদ বলেছিলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে’ মোকাবিলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবেই এই প্রস্তাব নেওয়া হয়েছে।
এর ঠিক একদিন আগে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক রায়ে জানান, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত হত্যাকাণ্ড এবং ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যার শামিল।
উল্লেখ্য, মিয়ানমার থেকে আসা শরণার্থীদের উপস্থিতি নিয়ে মালয়েশিয়া ক্রমেই হতাশ হয়ে পড়ছে। দেশটির দাবি, এসব শরণার্থীকে আশ্রয় দেওয়া তাদের জন্য একটি আর্থিক বোঝা এবং নিরাপত্তার ঝুঁকিতে পরিণত হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিল, যাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।
এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
ডিবিসি/এসডব্লিউএন