ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

আন্তর্জাতিক

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মধ্য পেরুতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্প হয়। কম্পনের তীব্রতায় রাজধানী লিমার অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানায়, দেশটির আন্দিজ পর্বত অঞ্চলের হুনিনে (Junin) ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার নিচে। রাজধানী লিমায়ও এই কম্পন ভালোভাবে টের পাওয়া গেছে। স্থানীয় টিভির ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় আইনপ্রণেতারা দ্রুত সংসদ ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন।

 

লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরের হুনিন প্রদেশের স্থানীয় কাউন্সিল সদস্য ভিসেন্তে কুইসপে স্থানীয় সংবাদমাধ্যম আরপিপিকে জানান, কর্তৃপক্ষ এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর মেলেনি। এই এলাকায় এর আগে এত বড় ভূমিকম্প অনুভূত হয়নি।’

 

হুনিন অঞ্চলে বেশ কিছু মাঝারি আকারের খনি রয়েছে। পাশাপাশি পেরুর অন্যতম বড় তামার খনি ‘তোরোমোচো’ এখানেই অবস্থিত। বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুর অর্থনীতি মূলত এই খনি খাতের ওপরই নির্ভরশীল।

 

এদিকে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন