সারা বাংলা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিলেছে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। বর্তমানে মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ চলছে। সংশ্লিষ্টদের ধারণা, গণনা শেষে এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
মসজিদ সূত্রে জানা গেছে, আগে পাগলা মসজিদে দানবাক্স ছিল ১৩টি। এবার আরও দুটি বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দানবাক্সগুলো খোলার পর টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয় এবং সেখানে নির্দিষ্ট স্থানে ঢেলে গণনার কাজ শুরু করা হয়।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবার দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে গণনার কাজ চলছে এবং গণনা শেষ হলে মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক জানান, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদের পরিচিতি ও সুনাম শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও নানা মনোবাসনা নিয়ে এখানে দান করতে আসেন। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের আগমনে নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রমে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি জানান, সময়ের প্রয়োজনে মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে নকশা প্রণয়নের কাজও সম্পন্ন হয়েছে। মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে। পাশাপাশি মসজিদ-সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
বিপুল পরিমাণ এই টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। ছয় মাসে জমা পড়া সেই দানে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়, যা দিনভর গণনা শেষে দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকায়। নগদ অর্থের পাশাপাশি সে সময় স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছিল। এ ছাড়া পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।
মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে। এর পাশাপাশি দীর্ঘ ছয় বছর পর ট্রেজারিতে সংরক্ষিত নয়টি প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা গণনার কাজ করা হয়। গত ১২ অক্টোবর ওজন শেষে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার, ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার এবং ১৭টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব স্বর্ণ ও রুপা বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।
কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি জেলা প্রশাসকের সভাপতিত্বে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটির মাধ্যমে পরিচালিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ প্রতিদিন এখানে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা, বৈদেশিক মুদ্রা ও গবাদিপশু দান ও মানত করেন। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে বরাবরের মতো আজও মসজিদ প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় জমেছে এবং সবাই এখন গণনা শেষে নতুন রেকর্ডের অপেক্ষায় রয়েছেন।
ডিবিসি/পিআরএএন