বাংলাদেশ, সারা বাংলা
বরগুনায় ৩ দিনের টানা বৃষ্টিতে ধান ও শীতকালীন সবজির খেতে পানি, ক্ষতির শঙ্কায় কৃষকেরা

বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে উপকূলজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেও বরগুনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দিনের আলো ম্লান হয়ে আসায় এবং রাস্তাঘাট পিচ্ছিল থাকায় যানবাহন ও পথচারীদের সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। অব্যাহত বৃষ্টির কারণে জেলায় শীতের অনুভূতিও বেড়েছে।
এদিকে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানিতে ও বাতাসে পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে লুটিয়ে পড়ায় কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বরগুনার পাথরঘাটা, তালতলী ও আমতলীসহ উপকূলীয় এলাকার বহু মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল। বৈরী আবহাওয়ায় সাগরে যাওয়া বন্ধ থাকায় জেলে ও দিনমজুরসহ নিম্নআয়ের মানুষের জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ছাড়া বিষখালী, পায়রা ও বলেশ্বর নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি ও ঝোড়ো বাতাসের কারণে ঝুঁকি তৈরি হয়েছে।
ডিবিসি/এসভিএন