আন্তর্জাতিক
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১, পাল্টা আঘাতের হুমকি হুতিদের

ইয়েমেনের বন্দর নগরী হুদায়দাহসহ বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।
সৌদি জোট বলছে, 'বিশেষ অভিযানের' অংশ হিসেবে তারা হুদায়দাহ বন্দরে অস্ত্র ও চোরাচালানের ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি সানা, সাদা ও তাইজ প্রদেশেও আঘাত হানা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির স্থাপনা এবং রসদ রাখার গুদামের মতো সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে।
এদিকে হুদায়দাহ বন্দরে হামলা হলে সৌদি আরবের জেদ্দাসহ লোহিত সাগরের বন্দরগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়ে রেখেছিল হুতিরা। এমনকি সৌদির আকাশসীমা 'অনিরাপদ' বলে বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেছিল তারা। এছাড়া রিয়াদের বাণিজ্যিক এলাকা ও আল-শুকাইকের একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছিল গোষ্ঠীটি।
অন্যদিকে, তুর্কি আল-মালিকি পরে আরেক পোস্টে জানান, ইয়েমেন সীমান্তের কাছে জিজান এলাকার আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। হুতিদের আল-মাসিরাহ টেলিভিশনে জোটের বিমান হামলার পর মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি দেখানো হয়েছে।
ডিবিসি/এইচডিআই
সূত্র: মিডল ইস্ট আই