ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

জেন-জিদের বিক্ষোভে উত্তাল ইউরোপের ২৫ দেশ

জেন-জিদের বিক্ষোভে উত্তাল ইউরোপের ২৫ দেশ

আন্তর্জাতিক

জেন-জিদের বিক্ষোভে উত্তাল ইউরোপের ২৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতে সংকট এবং গাজায় ইসরায়েলি যুদ্ধে নেতাদের ভূমিকার প্রতিবাদে ইউরোপের ২৫টিরও বেশি দেশে রাজপথে নেমেছেন কয়েক লাখ তরুণ ও শ্রমিক। শুক্রবার তরুণদের নেতৃত্বে আন্তর্জাতিক এই কর্মসূচির অংশ হিসেবে ইউরোপের বিভিন্ন দেশের রাজপথ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী সংগঠনগুলো আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়, বর্ধিত টিউশন ফি, শিক্ষা খাতে পর্যাপ্ত তহবিলের অভাব এবং গাজা যুদ্ধে নিজ নিজ দেশের নেতাদের কথিত মদদ দেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেয়। ইতালিতে এই আন্দোলনে যোগ দিয়েছে শ্রমিক সংগঠনগুলোও; তারা সদস্যদের দেশব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে।

 

চলতি শরতে জেন-জিদের নেতৃত্বে হওয়া এসব বিক্ষোভের পেছনে উচ্চ বেকারত্ব, জলবায়ু সংকট এবং অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় সরকারগুলোর ব্যর্থতার আশঙ্কাও বড় কারণ হিসেবে কাজ করেছে।

 

মহাদেশজুড়ে বিভিন্ন দেশের রাজধানী ও কেন্দ্রীয় চত্বরগুলোতে তরুণ বিক্ষোভকারীরা সমবেত হন। ইতালির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল (CGIL) জানিয়েছে, মিলানের পিয়াজ্জা দেল দুওমোসহ দেশটির ১০০টিরও বেশি চত্বরে বিক্ষোভ হয়েছে। এ ছাড়া পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে শুক্র ও শনিবার ইতালিতে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

অন্যদিকে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায় একাধিক শিক্ষার্থী সংগঠন। বিক্ষোভে অংশ নেওয়া সংগঠন ‘সোশ্যালিস্ট স্টুডেন্টস’-এর তথ্যমতে, শুধু ব্রিটেনেই ৩৫০টিরও বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কর্মসূচিতে যোগ দিয়েছেন। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলন এবং ইতালির রোম, জেনোয়া, বোলোগনা ও মিলানেও শিক্ষার্থীরা সমাবেশ করেন। এসব সমাবেশ থেকে সমরাস্ত্র বৃদ্ধি বন্ধ করে জনসেবা খাতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো হয়।

 

ইতালির শ্রমিক সংগঠন সিজিআইএলের প্রধান মাউরিজিও ল্যান্ডিনি দাবি করেছেন, দেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন; যদিও এই সংখ্যাটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ল্যান্ডিনি বলেন, ‘আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধু ইতালিতেই নয়, পুরো ইউরোপজুড়েই তরুণরা রাস্তায় নেমে এসেছে। পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।’

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/ এসডব্লিউএন

আরও পড়ুন