আন্তর্জাতিক
ট্রাম্পের অবহেলার পর কারখানা পরিদর্শনে ব্যস্ত কিম জং উন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে অনেকটা এড়িয়ে যাওয়ার পর তাকে স্কুলের সরঞ্জাম ও শিক্ষা উপকরণ তৈরির কারখানা ঘুরতে দেখা গেছে। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সাথে তিনবার বৈঠক করেছিলেন। হোয়াইট হাউসে ফেরার পর থেকে, এমনকি চলতি সপ্তাহে এশিয়া সফরের সময়ও তিনি কিমের সাথে আবার বৈঠক করার আগ্রহের কথা বারবার বলছিলেন। তবে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সাথে একটি বড় ত্রিপক্ষীয় বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে কিমের সাথে দেখা না করেই এশিয়া ছেড়েছেন ট্রাম্প।
বৈঠক না হওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, খুব ব্যস্ত থাকায় তিনি সময় বের করতে পারেননি, তবে কোনো এক সময়ে তাদের এই বৈঠক হবে। ট্রাম্পের এই কথার কোনো জবাব এখনো দেয়নি পিয়ংইয়ং।
উল্টো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, কিম কারখানায় গিয়ে পড়াশোনার জিনিসপত্র এবং বিজ্ঞান ক্লাসের সরঞ্জাম ঘুরে দেখছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ শনিবার জানিয়েছে, শুক্রবারের ওই সফরে কিম কারখানায় উৎপাদিত সব ধরনের স্কুল আসবাবপত্রের নমুনা পরীক্ষা করে দেখেন।
কেসিএনএ জানায়, এ সময় কিম বলেছেন, বিজ্ঞান ও শিক্ষা হলো ভবিষ্যৎ প্রজন্ম এবং বিপ্লবের প্রতি আমাদের বিপ্লবীদের দৃষ্টিভঙ্গির সবচেয়ে স্পষ্ট বহিঃপ্রকাশ।
পিয়ংইয়ং এ বিষয়ে চুপ থাকলেও ট্রাম্প চীনে কিমের সাথে বৈঠকের সম্ভাবনার কথা বারবার তুলেছিলেন। তিনি বলেছিলেন, উত্তর কোরিয়ার নেতা তার সাথে দেখা করতে চাইবেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে কিমকে একটি স্কি রিসোর্ট এবং মাউন্ট পেকতু ঘুরতে দেখা গিয়েছিল। এরপর বুধবার তিনি একটি নৌ বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে সমুদ্রের প্রতিরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, কিম ও ট্রাম্পের আগের বৈঠকগুলোতে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি থামানোর চেষ্টা করা হলেও কোনো চুক্তি হয়নি। জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া এগিয়ে গেছে এবং আইন করে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে স্থায় হিসেবে ঘোষণা করেছে।
বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার আগ্রহ হারিয়েছে উত্তর কোরিয়া। এ ছাড়া মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের বড় পরাজয়ের পর ট্রাম্পের জন্য এই উদ্যোগ নেয়া আরও কঠিন হয়ে পড়েছে।
সূত্র: এএফপি
ডিবিসি/এসভিএন