ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

আন্তর্জাতিক

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২১শে নভেম্বর ২০২৬ ০১:২৫:২৭ অপরাহ্ন

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসা পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মালিককে ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, ভারত সফরে এসে মুসাদ্দিক মালিক বেশ কয়েকটি জায়গা ঘুরতে চেয়েছিলেন। নিরাপত্তার অনুমতি সাপেক্ষে তার তাজমহল দেখার কিছুটা সম্ভাবনা থাকলেও দিল্লির নিজামুদ্দিন দরগাহ যাওয়ার অনুমতি তাকে দেয়া হয়নি। সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, পাকিস্তানি মন্ত্রী আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগাহ দেখতে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। কিন্তু এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার। সূত্রটি জানায়, তাকে পরিষ্কার বলে দেয়া হয়েছে যে, এই সফরে তিনি শুধু এসসিও বৈঠকেই থাকতে পারবেন এবং অন্য কোথাও যেতে পারবেন না।


২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির আসার পর কোনো পাকিস্তানি মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর। এ ছাড়া ২০২৫ সালের মে মাসে পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পর কোনো পাকিস্তানি নেতার এটিই প্রথম ভারত সফর।


ভারত গত ২৮ অক্টোবর জানিয়েছিল, নিয়ম মেনেই পাকিস্তানসহ এসসিও-র সব সদস্য দেশকে দাওয়াত দেয়া হয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিকের আসার বিষয়টি নিশ্চিত করে। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিও কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং মানুষে-মানুষে যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’


এদিকে পাকিস্তানি মন্ত্রীকে দাওয়াত দেয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলো। পহেলগাম হামলার পর পাকিস্তানের প্রতি নীতি বদলানোর মতো কী এমন পরিবর্তন হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। পাশাপাশি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা নিয়ে মুসাদ্দিক মালিকের কড়া মন্তব্যের বিষয়টিও সামনে এনেছে বিরোধীরা।


উল্লেখ্য, ২০০১ সালে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান মিলে এসসিও গঠন করে। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে এর স্থায়ী সদস্য হয় এবং ইরান সদস্যপদ পায় ২০২৩ সালে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও-র বৈঠকে ভারতের হয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দিয়েছিলেন। এ ছাড়া আগামী সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে গত মাসে ভারতের এসসিও সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন