আন্তর্জাতিক, ভারত
ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

ভারতে বিরোধী দল কংগ্রেসের নেতাকর্মীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ ও সীমিত করার প্রতিবাদে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার একাধিক কার্যালয়ে বিক্ষোভ করেছেন দলটির যুব সংগঠনের সদস্যরা। শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদ, মুম্বাই ও গুরুগ্রামে এ বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা একটি ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং ফুলের টব ভাঙচুর করেন। মুম্বাইয়ে কার্যালয়ের বাইরের দেয়ালে মেটাবিরোধী স্লোগান লিখে দেন তারা। গুরুগ্রামে বিক্ষোভকারীরা বন্ধ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের দাবিতে সমাবেশ করেন।
ভারতীয় যুব কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনাকারী রাজনৈতিক নেতা, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্ট অন্যায়ভাবে সীমিত করা হচ্ছে। সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা মনু জৈন জানান, বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরুদ্ধার হলেও হাজারো অ্যাকাউন্ট এখনো সীমিত রয়েছে।
এদিকে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিরুদ্ধে মেটার কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন।
মেটা বিক্ষোভের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, ভারতীয় আইন মেনেই কনটেন্ট সীমিত করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত সরকার বেআইনি কনটেন্ট সরানোর সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে তিন ঘণ্টা নির্ধারণ করে।
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে। আগের ছয় মাসে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার।
এ ঘটনায় ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ডিবিসি/এসএফএল