ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ ও বাটি, ৫১ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ ও বাটি, ৫১ বস্তা টাকা

সারা বাংলা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ ও বাটি, ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে সোনার চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খুলে টাকা ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণসামগ্রী পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্স থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এসব টাকা গণনার কাজ চলছে। গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে।

 

দানবাক্স খোলার পর টাকা ও অন্যান্য সামগ্রী বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে টাকা গণনার সময় সোনার চামচ ও বাটির সন্ধান পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি এসব স্বর্ণসামগ্রী পাওয়ায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

 

এর আগে মসজিদে ১৩টি দানবাক্স থাকলেও এবার আরও দুটি বাড়িয়ে ১৫টি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এবারের দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক জানান, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা ও ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

 

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এর আগে গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। ওই সময় নগদ টাকার পাশাপাশি স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।

 

দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কার্যক্রম শুরু হয়। গত ১২ অক্টোবর ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা খাম খুলে স্বর্ণ ও রুপার অলংকার ওজন করা হয়। এতে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার ও ১ হাজার ৮৮ ভরি রুপার অলংকার পাওয়া যায়।

 

মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণের পর নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

 

এদিকে, পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

 

মসজিদ-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া মসজিদের সংরক্ষণে রয়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা।

 

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি রয়েছে। জেলা প্রশাসক পদাধিকারবলে এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন